অস্ত্রোপচারের পর ভালো আছেন হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে দেখতে নিউইয়র্ক যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদের দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর সার্জিক্যাল স্টেপডাউন ইউনিটে জ্ঞান ফিরে পেয়ে মাকে দেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন লেখক। কিন্তু শেষ পর্যন্ত ভিসা জটিলতা ও আয়েশা ফয়েজের নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। হুমায়ূন আহমেদের ছোট ভাই রম্যলেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, ‘মা আমেরিকা যেতে চাইছেন। বড় ভাইও চাইছেন। কিন্তু মায়ের আগের পাসপোর্ট হারিয়ে গেছে, নতুন পাসপোর্ট করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু মায়ের শরীরের কথা চিন্তা করে আমরা খানিকটা দ্বিধায় আছি।’গত ৩ মে দেশে এসে সপ্তাহ তিনেক কাটিয়ে হুমায়ূন আহমেদ আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। ১২ জুন তাঁর বৃহদন্ত্রে প্রথম অস্ত্রোপচার করা হয়। এর আগে ক্যানসারের দীর্ঘ চিকিৎসাপর্বে তাঁকে মোট আটটি কেমো দেওয়া হয়। চিকিৎসায় অভূতপূর্ব সাফল্যের পর তিনি চিকিৎসকের অনুমতি সাপেক্ষে দেশে এসেছিলেন মা, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুদের সঙ্গে দেখা করতে। প্রথম অস্ত্রোপচারে হুমায়ূন আহমেদের বৃহদন্ত্রের ক্যানসার-টিউমারটি অপসারণ করা হয়। এরপর অপেক্ষাকৃত দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারটি হয় তাঁর লিভারে। নতুন ধরনের চিকিৎসা ‘লোকালাইজড অ্যাম্বুলাইজেশন’ পদ্ধতিতে লিভারের তিনটি টিউমারই পুড়িয়ে ফেলা হয়। বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন সিনিয়র অনকোলজি সার্জন জর্জ মিলার। অস্ত্রোপচারের পর হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটলে তাঁকে সাত দিন পূর্ণ হওয়ার আগেই ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ২১ জুন হঠাৎ হুমায়ূন আহমেদের পেটে তীব্র ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত স্থানীয় জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে স্থানান্তর করা হয় বেলভিউ হাসপাতালে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যানসার চিকিৎসায় প্রসিদ্ধ স্লোয়ান ক্যাটারিং মেমোরিয়াল ক্যানসার সেন্টারে হুমায়ূন আহমেদ প্রথমে চিকিৎসাধীন ছিলেন, ওই হাসপাতালেই তাঁর কেমোথেরাপি সম্পন্ন হয়। কিন্তু ব্যয়বহুল এই হাসপাতাল ছেড়ে তিনি পরে চলে আসেন বেলভিউতে। দীর্ঘ পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর তাঁর পেটের ভেতরে জমে ওঠা বাতাস ও রক্তক্ষরণ বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এখন তিনি আইসিইউর অংশ সার্জিক্যাল স্টেপডাউন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন। অবস্থার আরও উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। তাঁকে তরল খাবার ও স্যালাইন দেওয়া হচ্ছে।