অস্ত্রোপচারের পর মা ও দুই নবজাতকের মৃত্যু
রংপুরের বদরগঞ্জে অনুমোদনহীন মোকলেছার ডায়াগনস্টিক সেন্টারে এক গর্ভবতী মায়ের অস্ত্রোপচারে মা ও দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক সার্জারি চিকিৎসককে এনে গতকাল শুক্রবার ওই গৃহবধূর অস্ত্রোপচার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মা-সহ দুই নবজাতককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ওই গর্ভবতীর নাম মাজেদা বেগম (৩৪)। তাঁর স্বামী আবদুস সালাম পেশায় দলিল লেখক। বাড়ি রংপুরের বদরগঞ্জ পৌর শহরের জামুবাড়ি সরদারপাড়া গ্রামে।
মাজেদার পরিবার ও ওই ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়, আট মাসের অন্তঃসত্ত্বা মাজেদা গতকাল সকালে পেটে ব্যথা অনুভব করেন। সকাল ১০টার দিকে মাহমুদা বেগম নামের এক নারী তাঁকে নিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে তাঁকে স্যালাইন দেওয়ার পর ফোন করে আনা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আর এইচ নেওয়াজকে। বেলা সাড়ে ১১টার দিকে ওই চিকিৎসক মাজেদার অস্ত্রোপচার করে দুটি ছেলে সন্তান বের করেন। এরপর মাজেদার শ্বাসকষ্ট ও খিঁচুনি দেখা দেয়। মা-সহ নবজাতক দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে বেলা দেড়টার দিকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মাজেদাকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান মাহমুদা। রোগী সংগ্রহ করে ডায়াগনস্টিক সেন্টারে নিলে তাঁকে কিছু টাকা দেওয়া হয়। তবে মাহমুদা বলেন, তিনি কোনো টাকা নেন না। মাজেদার দেবর মোকলুকার হোসেন বলেন, ‘সিজারের পর ভাবি রক্তশূন্যতায় ভুগছিলেন। কিন্তু ডায়াগনস্টিক সেন্টারে রক্তের ব্যবস্থা ছিল না। রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরা আমাকে বলেছেন, রক্ত না থাকায় রোগীর মৃত্যু হয়েছে।’
থানায় অভিযোগ না করার কারণ জানতে চাইলে মাজেদার বাবা মজিবর রহমান বলেন, ‘অভিযোগ করি কী ছইল ফিরি পাইম? আল্লায় সউগ বিচার করবে।’ মাজেদার স্বামী জ্ঞান হারিয়ে ফেলায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় গিয়ে গতকাল সন্ধ্যায় পাওয়া যায় চিকিৎসক রুমানা আলমকে। তাঁর কাছে মাজেদার মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, আমি কিছু বলতে পারব না।’ তবে মালিক হাফিজার রহমান বলেন, ‘এখানে ভর্তি হওয়ার সময় রোগীর অবস্থা ভালো ছিল না। রংপুর পৌঁছার আগেই হয়তো মারা যেত। মানবিক কারণে এখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। ভুল চিকিৎসায় রোগী মারা যায়নি। এখানে অস্ত্রোপচারের যন্ত্রপাতির কমতি নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
অভিযুক্ত চিকিৎসক আর এইচ নেওয়াজ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সার্জারির চিকিৎসক হলেও আমার গাইনির একটি প্রশিক্ষণ রয়েছে। রোগীর অবস্থা খারাপ হওয়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে আমাকে ফোন করে নিয়ে যাওয়া হয়। আমি অস্ত্রোপচার ঠিকভাবেই করেছি। কর্তৃপক্ষের ত্রুটি ছিল না। রোগীকে অবশ করেন অবেদনবিদ জাকির হোসেন।’
রংপুরের সিভিল সার্জন হিমাংশু লাল রায় বলেন, ‘আমার জানামতে ওই ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’