অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেমেয়ে নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর আমজাদ হোসেনের (৪) মধ্যে কিছু মেয়েলি স্বভাব ছিল। তার আচরণ পুরোপুরি ছেলেদের মতো ছিল না। চিকিৎসকদের মতে, প্রজননতন্ত্রের গঠন ঠিকভাবে না হওয়ায় তার মধ্যে উভয় লিঙ্গের প্রভাব ছিল। একটি অস্ত্রোপচারের পর তার এই সমস্যার সমাধান করা হয়েছে। আমজাদের মধ্যে এখন আর এই মেয়েলি সমস্যা থাকবে না বলে দাবি করছেন চিকিৎসকেরা।গত দুই দিনে এ রকম লিঙ্গ নির্ধারণী অন্তত ১০টি অস্ত্রোপচার হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে। অস্ট্রেলিয়ার রয়েল চিলড্রেনস হাসপাতালের অধ্যাপক জন এম হাটসন ও চমেক হাসপাতালের অধ্যাপক তাহমিনা বানুর নেতৃত্বে এই অস্ত্রোপচার করা হয়। এর আগে ২০১১ সালে এখানে অনুরূপ অস্ত্রোপচারের মাধ্যমে ১০ জনের লিঙ্গ নির্ধারণ করা হয়েছিল। তখন প্রথম আলোতে ‘শিশু সুমেতা এখন সুমেদ’ নামে প্রতিবেদন ছাপা হয়েছিল।এ প্রসঙ্গে জানতে চাইলে তাহমিনা বানু বলেন, জন্মগতভাবে কিছু শিশুর লিঙ্গ জটিলতা থাকে। তাদের লিঙ্গ কোনটি, সেটি নির্ধারণ করা যায় না। তাদের মধ্যে উভয় লিঙ্গের প্রভাব থাকে। যদি ছেলের হরমোন বা প্রবণতা বেশি থাকে, অস্ত্রোপচারের মাধ্যমে তা পুরোপুরি নির্ধারণ করে দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, যত কম বয়সে এই চিকিৎসা করানো যায়, ততই ভালো। তাই জন্মের পর এ ধরনের সমস্যা দেখলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তাঁরা।সাতক্ষীরা থেকে এসএসসি পরীক্ষার্থী এক মেয়েকে নিয়ে এসেছেন তার মা। মেয়েটির মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা মেয়ের এই চিকিৎসার জন্য অনেক জায়গায় গিয়েছেন। কিন্তু কিছু হয়নি। পরে চমেক হাসপাতালে আসেন। চিকিৎসকেরা জানান, একটি অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েটির সমস্যা সমাধান করা হবে। জন হাটসনের অধীনে ২০ জন চিকিৎসক হাতেকলমে এই সমস্যার বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। অস্ত্রোপচারে সহায়তাকারী চিকিৎসক তানভীর কবির চৌধুরী বলেন, প্রতি সাড়ে চার হাজার শিশুর মধ্যে একজন লিঙ্গ জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে। অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব।