অস্ত্র-গুলির উৎস জানা যাবে রিমান্ডে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
আদালত

আড়াই বছর আগে উদ্ধার করা অস্ত্র-গুলির উৎস ও পলাতক জঙ্গিদের সন্ধান পেতে জিজ্ঞাসাবাদের জন্য তিন জঙ্গিকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন জঙ্গি হলেন নুরনবী ওরফে রাজু, মাহবুবুর রহমান ওরফে খোকন ও বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

২০১৫ সালের ২৩ মার্চ চট্টগ্রাম নগরের মীর আউলিয়া মাজার রোড এলাকার একটি ভাড়া ঘর থেকে বিস্ফোরকসহ জঙ্গি এরশাদ হোসেনকে (২০) ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। গ্রেপ্তারের ছয় দিনের মাথায় এরশাদ চট্টগ্রাম আদালতে নয় পৃষ্ঠার জবানবন্দি দেন। ২০১৫ সালের মে মাসে এরশাদের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্র গ্রহণও করেন আদালত। দুই বছর আগে এরশাদের ওই জবানবন্দিতে শীর্ষ তিন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাইসুল ইসলাম খান ওরফে ফারদিন ও মো. হাসানের নাম এবং জঙ্গি তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। কিন্তু চট্টগ্রামের পুলিশ তখন তা আমলে নেয়নি বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এরশাদ এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী।

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাজীব গান্ধীকে চলতি বছরের ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আর ফারদিন বগুড়ায় গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে গত বছরের ৩ এপ্রিল মারা যান বলে পুলিশ জানায়। এ ছাড়া চলতি বছরের ৭ মার্চ কুমিল্লায় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারার সময় গ্রেপ্তার হন জঙ্গি হাসান।

এরশাদের জবানবন্দি নিয়ে গত ২ জুলাই প্রথম আলোতে, ‘দুই বছর আগে এক জঙ্গির জবানবন্দিতে যা ছিল!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ১২ জুলাই চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী মামলাটি অধিকতর তদন্তে পাঠানোর জন্য আদালতে আবেদন করেন। ২৫ জুলাই শুনানি শেষে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআইর তদন্তে রাজীব গান্ধী ও রিমান্ড মঞ্জুর হওয়া তিন জঙ্গির সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। ওই তিন জঙ্গিকে ২০১৫ সালের অক্টোবরে চট্টগ্রামের কর্ণফুলীর খোয়াজনগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্ত কর্মকর্তার আবেদনে গত আগস্টে সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় চারজনকেই গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা অন্য মামলায় কারাগারে ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, অন্য মামলায় রংপুর কারাগারে থাকায় রাজীবকে চট্টগ্রামে আনা হয়নি। বাকি তিন জঙ্গি গতকাল হাজির ছিলেন। শুনানি শেষে আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।