অস্ত্র-গুলির কাগজপত্র থাকায় তারেককে ছেড়ে দেওয়া হয়েছে: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন ভবনের সামনের রাস্তা থেকে আটক তারেক আজিজের রিভলবার ও গুলির কাগজপত্র ছিল বৈধ। কাগজপত্র যাচাই-বাছাই শেষে গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখিয়েছেন তারেক আজিজ। তারেককে জিজ্ঞাসাবাদ ও তাঁর অস্ত্রের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি অভিভাবক হিসেবে গিয়েছিলেন। তাঁর ছেলে সমাবর্তনে ডিগ্রির সনদ নেন।
ওই কর্মকর্তা বলেন, তারেক আজিজের নিরাপত্তার জন্য সরকার তাঁকে অস্ত্র ও গুলি নিয়ে চলার অনুমতি দিয়েছে। ২০১৭ সাল পর্যন্ত তিনি অস্ত্র ও গুলির কর পরিশোধ করেছেন।
বৃহস্পতিবার অস্ত্র-গুলিসহ তারেক আজিজকে আটক করা হয়। পরিকল্পনা কমিশনের কয়েকজন কর্মকর্তা ও একটি গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলার সময় তারেক আজিজ নামের ওই ব্যক্তি প্রধান ফটকের সামনে গিয়েছিলেন। সেখানে উপস্থিত পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁর কাছে অস্ত্র আছে বলে ধারণা করেন। এরপর তল্লাশি করে তাঁর কাছ থেকে ১টি রিভলবার ও ২০টি গুলি উদ্ধার করেন।