অস্থায়ী দোকানগুলোতে বেচাকেনা কম, অনিশ্চয়তায় ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান ১ নম্বরের ডিএনসিসি অস্থায়ী দোকানগুলোতে ক্রেতারা কম আসছেন। বিক্রেতারা বলছেন, ব্যবসা খুব খারাপ যাচ্ছে তাঁদের l ছবি: প্রথম আলো
গুলশান ১ নম্বরের ডিএনসিসি অস্থায়ী দোকানগুলোতে ক্রেতারা কম আসছেন। বিক্রেতারা বলছেন, ব্যবসা খুব খারাপ যাচ্ছে তাঁদের l ছবি: প্রথম আলো

গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর অস্থায়ীভাবে পুনর্বাসিত ব্যবসায়ীরা এখনো অনিশ্চয়তায় ভুগছেন। ব্যবসায়ীরা বলছেন, ছোট দোকানগুলোতে স্থান সংকুলান হচ্ছে না। কেনাবেচা কমে গেছে। দোকানের অবস্থান নিয়েও অসন্তুষ্ট অনেকে।
গত ২ জানুয়ারি দিবাগত রাতে গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। মার্কেটের দুটি অংশ ছিল। এর মধ্যে আগুনে কাঁচা মার্কেট পুরোপুরি ধসে যায় এবং পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। গত ১৪ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের দেড় মাসের মাথায় ধ্বংসস্তূপ সরিয়ে খালি করা জায়গা এবং পার্কিংয়ে বাঁশ ও পলিথিন দিয়ে তিনটি অস্থায়ী ছাউনি বানানো হয়। এখানে ৩০৬টি অস্থায়ী দোকান ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হয়। ডিএনসিসি সূত্রে জানা যায়, তাদের বিশেষ উন্নয়ন খাত থেকে ৩৬ লাখ টাকা ব্যয়ে ওই তিনটি অস্থায়ী ছাউনি নির্মাণ করা হয়েছে।
মার্কেটের পার্কিংয়ের জায়গায় উত্তর ও পশ্চিম পাশে দোকানের সংখ্যা যথাক্রমে ৬৪ ও ১৮টি। গতকাল গিয়ে দেখা যায়, এই দোকানগুলোতে চকলেট, প্রসাধনী, স্টেশনারিসহ নানা শৌখিন ও গৃহস্থালি সামগ্রী বিক্রি হচ্ছে। পাকা মার্কেটের পূর্ব দিকে ধসে পড়া ভবনের জায়গায় গড়ে উঠেছে সবজি, মাছ, মসলা, প্যাকেট ও বোতলজাত খাবার, ক্রোকারিজের দোকান। গতকাল দুপুরে বেশির ভাগ দোকানই ছিল ক্রেতাশূন্য। বিক্রেতাদের অলস বসে থাকতে দেখা যায়। মুদি দোকান এসএনএস ট্রেডার্সের বিক্রয়কর্মী সাদ্দাম হোসেন বললেন, আগে কাঁচাবাজার অংশে ১২ ফুট বাই ৯ ফুটের দোকান ছিল। এখন ছয় ফুট বাই ছয় ফুটের অস্থায়ী দোকানটিতে সব মালামাল রাখার জায়গা হচ্ছে না। তিনি বলেন, বিক্রি আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। এই পরিবেশে অনেক ক্রেতা আসতে চান না। মার্কেট চালু হওয়ার কথাও অনেকে জানেন না।
মাছ ব্যবসায়ী বকুল ব্যাপারী বললেন, ‘চার ভাগের তিন ভাগ মালও বিক্রি হয় না। কাস্টমারই আসে না। দুই মাস মার্কেট বন্ধ থাকছে। অন্য বাজারে গেছে গা সবাই।’
কাঁচাবাজারের জায়গায় ‘সি’ ব্লকে এখন অস্থায়ী দোকানের সংখ্যা ২২৪। তবে ২০টির বেশি দোকান বন্ধ থাকতে দেখা যায়। এগুলোর বেশির ভাগই প্রসাধনী, জামাকাপড়, খেলনার দোকান। একটি দোকানের মালিক আবদুল কাদের বলেন, তাঁর দোতলায় তৈরি পোশাক আর খেলনার দোকান ছিল। এখন দোকান পেয়েছেন মাছবাজারের সঙ্গে। তাঁর কথায়, ‘গন্ধের কারণে ওইখানে দাঁড়ানো যায় না। খেলনা কেনার কাস্টমার মাছের গন্ধ সহ্য করব ক্যান? দোকান তাই বন্ধ রাখছি। শুনছিলাম পার্কিংয়ে নতুন দোকান দেবে। তা-ও দিতেছে না।’
গুলশান ১ নম্বর ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, কেনাবেচা খুব খারাপ। মাছ বাজারের পাশে কসমেটিক আর খাবারের দোকান মিলে ২৪টি দোকান বন্ধ আছে। ওই পরিবেশে দোকানমালিকেরা ব্যবসা চালু করার ভরসা পাচ্ছেন না। বৃষ্টির মৌসুমের কথা ভেবে সমিতির খরচায় দোকানের সামনের ওয়াক ওয়েতে টিনের শেড দেওয়া হচ্ছে।
আবুল কাশেম বলেন, ‘ভদ্র কাস্টমাররা এই বাঁশের দোকানে আসবে কেন? এমন চলতে থাকলে আগামী ছয় মাসে ৬০ শতাংশ ব্যবসায়ী ঝরে যাবে। আমরা স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছি। কাউন্সিলরকেও বলা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।’
মার্কেটটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন, ‘আমাদের যেখানে জায়গা ছিল সেখানে দোকান করে দিয়েছি, যাতে ব্যবসাটা চালু থাকে। নতুন করে আর দোকান তৈরির কোনো পরিকল্পনা নেই। জায়গা পছন্দ হয় নাই বলে অনেক ব্যবসায়ী দোকান খুলে নাই। তাঁরা আগে বসে দেখুক। অসুবিধা হলে তখন আমরা দেখব।’