শেরপুর জেলা শিশু একাডেমির শত বছরের পুরোনো অস্থায়ী ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সেখানে ঝুঁকি নিয়ে চলছে তিন শতাধিক শিশুর শিক্ষা কার্যক্রম। অভিভাবকেরা দ্রুত একাডেমির নতুন ভবন নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
জেলা শিশু একাডেমি সূত্র জানায়, একাডেমিতে শিশু বিকাশ ও প্রাক্-প্রাথমিক শিক্ষা বিভাগে ৩০ জন করে ৬০ জন দুস্থ শিশুকে পাঠদান করা হয়। এ ছাড়া চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত ও নৃত্য বিভাগে ২৫০ জন শিশু এখানে প্রশিক্ষণ নেয়। এসব শিশুর বয়স ৪ থেকে ১৬ বছর। সাতজন শিক্ষক-প্রশিক্ষক প্রতিদিন তাদের প্রশিক্ষণ দেন। কিন্তু একাডেমির নিজস্ব ভবন নেই। জেলা শহরের খরমপুর এলাকায় শত বছরের পুরোনো ও প্রায় পরিত্যক্ত সাবেক ফৌজদারি আদালত ভবনটিতে শিশুদের শিক্ষা কার্যক্রম চলে। নিজস্ব ভবনের অভাবে ঝুঁকিপূর্ণ এই ভবনেই কার্যক্রম চালাতে হচ্ছে।
৪ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, তিন কক্ষবিশিষ্ট ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। টিনের চালের নিচে সিলিংয়ের অবস্থা খুবই জরাজীর্ণ। বৃষ্টির দিনে চালের হাজারো ফুটো দিয়ে পানি চুইয়ে পড়ে। প্রতিটি কক্ষেই উঁইপোকা ও মাকড়সা বাসা বেঁধেছে। দরজা-জানালা ভাঙা ও অপরিচ্ছন্ন। ভবনটিতে একটি মাত্র শৌচাগার, তাও ব্যবহারের প্রায় অনুপযোগী। একাডেমির সীমানাপ্রাচীর নেই।
একাডেমির চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থী আহনাফ মায়মুন মাহি (৮) বলে, ‘যখন ভূমিকম্প হয়, তখন আমাদের খু-উ-ব ভয় লাগে। কখন এটি ভেঙে পড়ে। যখন বৃষ্টি নামে তখন চাল দিয়ে ঘরের ভেতর পানি পড়ে। আমরা আর্ট খাতা নিয়ে এ-ঘর ও-ঘর ছোটাছুটি করি। এখানে বেশি জায়গা নেই। অনেক কষ্টে আমরা এখানে ক্লাস করি।’
একাডেমির শিক্ষার্থী রাতুলের মা রুপালি বেগম বলেন, ‘ভবনটির এমন জরাজীর্ণ অবস্থা যে, ভয়ে আমার বাচ্চা এখানে আসতে চায় না। সরকারের কাছে আমাদের আবেদন, শিশুদের নিরাপত্তার স্বার্থে এখানে দ্রুত নতুন ভবন নির্মাণ করে দেওয়া হোক।’
শিশু একাডেমির একজন কর্মকর্তা বলেন, ১৯৯৪ সালে জেলা শিশু একাডেমির কার্যক্রম শুরু হয়। নিজস্ব ভবন না থাকায় ২০০৮ সাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় এর কার্যক্রম চলে। ২০০৯ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জরাজীর্ণ এ ভবনে কার্যক্রম পরিচালনার অনুমতি দেন।
জেলা শিশু একাডেমির শিশুবিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান বলেন, বর্তমানে জরাজীর্ণ ভবনটিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় শিশুশিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। এ ভবনের জমিটি সরকারি খাস সম্পত্তি। এটি শিশু একাডেমির নামে বরাদ্দের জন্য এক বছর ধরে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি চলছে। জমিটি ভূমি মন্ত্রণালয় থেকে শিশু একাডেমির নামে বরাদ্দ দেওয়া হলে কেন্দ্রীয় শিশু একাডেমি থেকে নতুন ভবন নির্মাণের জন্য যাবতীয় কার্যক্রম শুরু করা হবে।
জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, জমি বরাদ্দসহ নতুন ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।