এই সিদ্ধান্তে এক পক্ষ ক্ষুব্ধ, সাধুবাদ অন্য পক্ষের
অস্থায়ী নিয়োগ পাওয়া ১৩৬২ চিকিৎসক ক্যাডারভুক্ত হলেন
বিসিএস পরীক্ষা ছাড়াই সরকারি সিদ্ধান্তে ক্যাডারভুক্ত হয়েছেন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া এক হাজার ৩৬২ জন চিকিৎসক। তাঁরা ১৯৮৬ সাল বা এর আগে ছয় মাসের জন্য নিয়োগ পেয়েছিলেন। তাঁদের ক্যাডারভুক্ত করতে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১-তে পরিবর্তন আনা হয়েছে। গত ১১ নভেম্বর এ-সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। তবে সাধুবাদ জানিয়েছে ক্যাডারভুক্ত নন এমন চিকিৎসকদের সংগঠন নন-ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ক্যাডারভুক্ত করা হলেও জ্যেষ্ঠতা নির্ধারণ কীভাবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, সেদিকটি বিবেচনায় রাখা হবে।বিগত চারদলীয় জোট সরকারের আমলে একবার নন-ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০৬ সালের ১৮ অক্টোবর সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) মন্ত্রণালয় থেকে পাঠানো সারসংক্ষেপে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ স্বাক্ষরও করেছিলেন। তবে ওই সরকার শেষ পর্যন্ত তা কার্যকর করেনি।১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করে, তাতে ১৯৮৬ সালের ১৭ মে বা এর আগে স্বাস্থ্য খাতে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ক্যাডারভুক্ত করতে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়। ৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির কাছে ‘স্বাস্থ্য বিভাগে কর্মরত ইন-সার্ভিস ট্রেইনি/অ্যাডহক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়মিতকরণ এবং তাঁদের ক্যাডারভুক্তকরণের লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১-এর সংশোধন’ বিষয়ে সারসংক্ষেপ পাঠায়। এতে বলা হয়, ১৯৭২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত রাজস্ব খাতে সহকারী সার্জন হিসেবে অ্যাডহক ভিত্তিতে ছয় হাজার ৩৭ জন কর্মকর্তাকে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে চার হাজার ৬৭৫ জন বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে নিয়মিত ও ক্যাডারভুক্ত হয়েছেন। অবশিষ্ট এক হাজার ৩৬২ জন কর্মকর্তা ক্যাডারভুক্ত হতে পারেননি।স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য খাতে তিন ধরনের চিকিৎসক আছেন। একটি অংশ বিসিএস পরীক্ষায় পাস করে চাকরিতে যোগ দিয়েছেন, আরেকটি অংশ ইন-সার্ভিস ট্রেইনি হিসেবে অস্থায়ী নিয়োগ পেয়েছিলেন এবং অপর অংশ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাকরিতে যুক্ত হয়েছেন। এতে স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা বিরাজ করছিল। অ্যাডহক চিকিৎসকদের ক্যাডারভুক্ত করায় জটিলতা কিছুটা কমবে।এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী এ এ এম সেলিম রেজা এ বিষয়ে বলেন, সরকার একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করল। মেধা ও যোগ্যতা বিবেচনায় না রেখে বিশেষ একটি গোষ্ঠীকে সরকার খুশি করেছে। এতে করে পঞ্চম ও ১৩তম বিসিএসে উত্তীর্ণ কর্মকর্তারা জ্যেষ্ঠতা ও পদোন্নতির ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত পিছিয়ে যাবেন। স্বাস্থ্য ছাড়া অন্য যেসব বিভাগে নন-ক্যাডার কর্মকর্তারা আছেন, তাঁরাও এখন ক্যাডারভুক্ত হওয়ার আন্দোলন শুরু করবেন। ফলে পুরো ব্যবস্থায় একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে।বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতারা জানান, অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এই চিকিৎসকেরা বর্তমান সরকারের আমলে একাধিক পদোন্নতি পেয়েছেন, এবার ক্যাডারভুক্তও হলেন।এদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নন-ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বলেন, ‘এর মাধ্যমে সরকার একটা বিশাল কাজ করেছে। এত দিন পদোন্নতি পেতে আমাদের নানা ভোগান্তিতে পড়তে হতো, এখন আর হবে না। যাঁদের ক্যাডারভুক্ত করা হয়েছে, তাঁরা বয়স্ক এবং কিছুদিন পর অবসরে যাবেন। এঁরা সুযোগ-সুবিধা পেলে কার কী ক্ষতি হবে?’বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং সরকার-সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব এম ইকবাল আর্সলান বলেন, সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ।