রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৩৩৩ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিমধ্যে তাঁদের জানিয়ে দিয়েছেন, আগামী জুলাই মাস থেকে তাঁদের বেতন দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরুর পরিকল্পনা করছেন ওই সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আছেন ৬১৮ জন। বাকি ৩৩৩ জন ইউজিসির অন্তর্ভুক্ত নন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়ার আমলে ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে অস্থায়ী ভিত্তিতে ঘুষের বিনিময়ে তাঁদের নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গত ৫ মে আবদুল জলিল মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।এদিকে অস্থায়ী ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ১১ জুন প্রশাসনিক ভবন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে প্রতীকী ধর্মঘট পালন করেন। ওই দিন উপচার্য এ কে এম নূর-উন-নবী তাঁদের ডেকে মতবিনিময় করে জানিয়ে দেন, চাকরি স্থায়ীকরণের বিষয়টি দেখার এখতিয়ার ইউজিসির। অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কারোরই জুলাই মাস থেকে বেতন দেওয়া সম্ভব নয়।