অস্থায়ী নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষক সমিতির কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অস্থায়ী ভিত্তিতে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একই সঙ্গে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের জীববিজ্ঞান সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচির মধ্যে রয়েছে, ৮ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন। ৫ ডিসেম্বর থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ আর এম মোস্তাফিজার রহমান। তিনি অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধের আগের দিন বিভিন্ন পদে একসঙ্গে ৪২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতি করা হয়েছে। এ ছাড়া ২০০৯-১০ সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো শূন্যপদের চেয়ে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসব নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগপ্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় অস্থায়ী নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এতে নিয়োগে অনিয়মের বিষয়টি উঠে আসে। কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবরের মধ্যে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে উপাচার্যের কাছে চিঠি দেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে শিক্ষক সমিতি সাধারণ সভা করে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হয়।শিক্ষক সমিতির সভাপতি এ কে ফজলুল হক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন হলো একটি স্বৈরাচারী আইন। এখানে বলা হয়েছে, উপাচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এই আইনের পরিবর্তন চাই।’মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ্ ফোন ধরেননি।