অস্থায়ী পুনর্বাসন-প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনকে সরিয়ে অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে তাঁবু খাটিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকে এই লক্ষ্যে কাজ শুরু করবে একটি কমিটি। কমিটির সদস্যদের আজ পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।আগামী মঙ্গলবারের মধ্যে কয়েকটি তাঁবু খাটানো হবে বলে গত বৃহস্পতিবার শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়। ওই সভায় অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে ১৩ সদস্যবিশিষ্ট পরিদর্শন ও অস্থায়ী পুনর্বাসন কমিটি গঠন করা হয়।বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মান্নান। ডিসি বলেন, ‘পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বাস করছে, তাদের যেকোনো উপায়ে সেখান থেকে নিরাপদে আনা জরুরি। যেকোনো সময় বিপদ ঘটতে পারে। প্রয়োজনে পুলিশ-র‌্যাব দিয়ে হলেও সরাতে হবে। তাতে কাজ না হলে আরও কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা ভাবা হবে।’পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিতে কীভাবে বিদ্যুৎ ও পানির সংযোগ গেল কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কীভাবে বাড়ি করার অনুমোদন দিল, তা নিয়ে সভায় আলোচনা হয়। সভায় সিডিএর নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিবছর পাহাড়ধসের পর উদ্ধারকাজ করা হয়। পরে আমরা ভুলে যাই। সিডিএ যদি ভবন করার অনুমোদন দিয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’পরে জেলা প্রশাসক বলেন, ‘ঝুঁকিপূর্ণ বসবাসকারী লোকজনকে অস্থায়ী পুনর্বাসনে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আজ শনিবার সংশ্লিষ্ট পাহাড় পরিদর্শন করে মঙ্গলবারের মধ্যে আশপাশের খোলা কোনো জায়গা বা খেলার মাঠে কয়েকটি তাঁবু খাটিয়ে লোক সরিয়ে নেবে। পর্যায়ক্রমে সবাইকে দু-তিন মাসের জন্য সরানো হবে।’১৩ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরকে। গতকালের সভায় সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা, জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।