অস্থায়ী বরাদ্দ নিয়ে পাকা গুদাম নির্মাণ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এসআরভি স্টেশনের পাশে খালি জায়গায় অস্থায়ী গুদাম হিসেবে ব্যবহারের জন্য রেলওয়ে থেকে প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ নিয়েছিলেন মো. আমির হোসেন নামের এক ব্যক্তি। কিন্তু দেড় বছরের মাথায় তিনি সেখানে ইট-কংক্রিটের স্থায়ী গুদাম নির্মাণ করেছেন। রেলওয়ে ওই বরাদ্দ বাতিল করার পর হাইকোর্টে যান আমির হোসেন। আদালত তিন মাসের জন্য রেলওয়ের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের ১৯৭০ সালের ২৪ নম্বর অধ্যাদেশ বলে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ে চুক্তি বাতিল করলে আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভাগীয় কমিশনারের কাছে নালিশ জানাতে পারেন। কিন্তু আমির হোসেন ওই অধ্যাদেশও অমান্য করেন।এ প্রসঙ্গে আমির হোসেন বলেন, ‘হাইকোর্টে মামলা চলছে। এ নিয়ে আমি কিছু বলব না। সবকিছু আদালতই ঠিক করবেন।’নিয়ম অনুযায়ী এ ধরনের ভূমি বরাদ্দ দিতে পারেন রেলওয়ের ভূসম্পদ কর্মকর্তা। কিন্তু তাঁকে পাস কাটিয়ে রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ওই জায়গা বরাদ্দ দেন। ২০১১ সালের ১৮ আগস্ট এ বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আর্থিক সুবিধা নিয়েই শাহ আমানত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক আমির হোসেনকে ওই জায়গা বরাদ্দ দেন। ওই ঘটনার পর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমানকে ঢাকায় শাস্তিমূলক বদলি করা হয়। আমির হোসেনকে জায়গা বরাদ্দ দেওয়ার সময় ১৮টি শর্ত উল্লেখ করা হয়। এর মধ্যে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে, যাতে ওই ব্যক্তি সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণের পথ সুগম করেছে। যেমন: সাত নম্বর শর্তে বলা হয়েছে, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হলে তার বিল রেলওয়ের কাছে পরিশোধ করতে হবে এবং এ ব্যাপারে আলাদা চুক্তি করতে হবে রেলওয়ের সঙ্গে। ১১ নম্বর শর্তে বলা হয়েছে, গুদামে রক্ষিত মালামালের পাহারা গুদামের মালিকের ওপর ন্যস্ত থাকবে। অথচ অস্থায়ীভাবে পণ্য রাখা হলে এখানে বিদ্যুতায়ন ও পাহারাদার নিয়োগের দরকার নেই।গত ২৫ অক্টোবর রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার কাছে একটি চিঠি দেন। তাতে এখানে ‘পাকা, আরসিসি কলাম ও বিম দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে’ শর্ত ভঙ্গের অভিযোগ আনেন।এ নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চল, মহাপরিচালকের কার্যালয় এবং শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের মধ্যে একাধিক চিঠি চালাচালি হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৩ ডিসেম্বর ওই চুক্তি বাতিল করা হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা নিয়ে ওই জায়গার ওপর দখলস্বত্ব বজায় রেখেছেন আমির হোসেন। এ প্রসঙ্গে রেলওয়ের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা আবদুল বারী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি উচ্চ আদালতে মীমাংসার অপেক্ষায় রয়েছে। আমরাও আদালতের দেওয়া সময় পর্যন্ত অপেক্ষা করছি। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’