অস্থায়ী বাঁধ কাটার চেষ্টা, পুলিশের ফাঁকা গুলি
চট্টগ্রাম নগরের মহেশ খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ কেটে ফেলার চেষ্টা করেছে স্থানীয় এলাকাবাসী। তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের ৩৬টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
আজ শনিবার বিকেল তিনটার দিকে নগরের বন্দর রিপাবলিক ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাঁধ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।
নগরের আদর্শপাড়ার বাসিন্দা শওকত হোসেন, মাইজপাড়ার কাউসার আহমেদ, পোর্ট মার্কেটের ব্যবসায়ী মো. ইউসুফ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে মাইজপাড়া, আদর্শপাড়া, নিশ্চিন্তাপাড়া, হিন্দুপাড়াসহ অন্তত ১০টি এলাকা হাঁটু পরিমাণ পানিতে ডুবে যায়। এলাকাগুলো আগে কখনো এ রকম তলিয়ে যায়নি। মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধ দেওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই ক্ষুব্ধ এলাকাবাসী আজ বিকেল তিনটার দিকে বাঁধটি কাটার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, বিকেল তিনটার দিকে মুনসিপাড়া, আদর্শপাড়ার প্রায় আড়াই শ লোক কোদাল, শাবল দিয়ে বাঁধটি কেটে ফেলার চেষ্টা করে। তাঁদের হাতে লাঠিসোঁটাও ছিল। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করেই বাঁধ কাটতে থাকে। তাঁদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ শটগানের ৩৬ টি ফাঁকা গুলি ছোড়ে।
ওসি মহিউদ্দিন সেলিম জানান, ফাঁকা গুলি করার পর লোকজন পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। এ ছাড়া ইটের আঘাতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মহিউদ্দিন সেলিম।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে গত বছরের ২ সেপ্টেম্বর মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধের নির্মাণকাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ। প্রায় ১২০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট উচ্চতার এই বাঁধের নির্মাণকাজ শেষ হয় গত বছরের অক্টোবরে। বাঁধ নির্মাণের ঘটনায় আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দারা স্বাগত জানালেও বিরোধিতা করেন উত্তর মধ্যম হালিশহর ও দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা।