অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বুধবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করেছেন বলে আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে জানা গেছে। মো. জিল্লুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। নির্বাচন কমিশন গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল।এই তফসিল ঘোষণার এক দিন পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অস্থায়ী রাষ্ট্রপতির সংসদ ভবনের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এক ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।দলীয় একাধিক সূত্র জানায়, এ সাক্ষাতে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন দল থেকে কাকে মনোনয়ন দেওয়া যায়, তা নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। ক্ষমতাসীন মহাজোট থেকে আবদুল হামিদকে মনোনয়ন দেওয়া হলে বা তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য হবে। সে ক্ষেত্রে সংসদকে সঠিকভাবে পরিচালনার জন্য পরবর্তী স্পিকার কে হতে পারেন, তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্র বলছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, ২১ এপ্রিল জাতীয় সংসদে ১৭তম অধিবেশন বসছে। এর আগে ১৯ এপ্রিল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। সেখানে সরকারি দলের মনোনীত রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হতে পারে।অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলোচনায় মানবতাবিরোধী অপরাধের বিচার, এ নিয়ে বিরোধী দলের আন্দোলন কর্মসূচি, হেফাজতে ইসলামের ১৩ দফাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে সূত্র জানায়। বেলা পৌনে দুইটার দিকে প্রধানমন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতির বাসভবন ছেড়ে যান। এরপর বিকেল তিনটার দিকে আবদুল হামিদ তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে যান।গত ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে।