স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশের মহান সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরও একটি কুচক্রী মহল ইস্যুবিহীন হরতাল ডেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।মন্ত্রী গতকাল শনিবার শরীয়তপুরের গোসাইরহাট ও ডামুড্যা উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন। বেলা ১১টায় গোসাইরহাট উপজেলা সদরে ও বেলা দুইটায় ডামুড্যা উপজেলা সদরে দুটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন তিনি।দুপুর ১২টায় গোসাইরহাট সামসুর রহমান ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সাহারা খাতুন বক্তব্য দেন। গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক। জনসভায় আরও বক্তব্য দেন শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক, সাংসদ অপু উকিল প্রমুখ। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম শহিদুল হক।আবদুর রাজ্জাক বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। পদ্মা সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে দাতা দেশগুলো অর্থ দেওয়ার চুক্তি সম্পন্ন করেছে।’স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘সংসদ ভবন ও এর আশপাশে সব ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ। তার পরও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদীয় এ রীতি ভঙ্গ করে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে তিনি সামান্য আহত হয়েছেন। এ ঘটনা খতিয়ে দেখার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করেছি।’ বিকেল পাঁচটায় শরীয়তপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউসে সভাটি অনুষ্ঠিত হয়।