অস্থিতিশীলতা দীর্ঘায়িত হলে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিকদের তিক্ত বিভাজন ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণের ব্যাপারে চাপ অব্যাহত রাখা হবে। অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে তা বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে বলেও আশঙ্কা দেশটির।
মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের এক উপকমিটির শুনানিতে সরকারের এ মনোভাব ব্যক্ত করেন। তিনি এদিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক উপকমিটির ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা অগ্রাধিকার পর্যালোচনা’ শীর্ষক শুনানিতে বক্তব্য দেন।
এএফপি জানিয়েছে, ওই উপকমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্টিভ শ্যাবো। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্বকারী স্টিভ শ্যাবো বলেন, রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি না হলে সহিংসতা বাড়তে পারে। এতে একটি উদারপন্থী মুসলিম দেশের মডেল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠ বন্ধুর পরিস্থিতি বিপরীত দিকে যেতে পারে।
মার্কিন কংগ্রেসের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুনানিতে লিখিত বক্তব্যে নিশা দেশাই বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। তা না হলে দেশটির স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সমৃদ্ধি ঝুঁকিতে থাকবে।
নিশা দেশাই বলেন, ‘বাংলাদেশের গত বছরের সংসদ নির্বাচন আমাদের হতাশ করেছে। ওই নির্বাচনের পর রাজনীতিবিদ, স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ হয়রানির শিকার হয়েছে। হয়রানির পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা, গুম ও অপহরণের ঘটনা অব্যাহত থাকার খবরে আমরা উদ্বিগ্ন। আমরা সরকারকে গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা, কার্যকারিতা ও স্বকীয়তা বজায় রাখার বিষয়টি বেশ জোর দিয়েই বলেছি।’
নিশা দেশাই বলেন, ‘নানা উদ্বেগ থাকার পরও আমরা মনে করি, বাংলাদেশের সঙ্গে আমাদের অবশ্যই সহযোগিতা বজায় রাখা জরুরি। এতে করে বাংলাদেশ একটি সমৃদ্ধ আঞ্চলিক অংশীদার হিসেবে বিকশিত হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনা ও শ্রমিকের অধিকার সুরক্ষায় সফল হবে।’