অস্থিতিশীলতার কারণ উপাচার্য সহ-উপাচার্যের ক্ষমতার দ্বন্দ্ব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সম্প্রতি উপাচার্য ও সহ-উপাচার্যপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পাল্টাপাল্টি কর্মসূচিতে ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা বলেন, উপাচার্য ও সহ-উপাচার্যের দ্বন্দ্বের জের ধরে আন্দোলনের নামে শিক্ষকেরা ঠিকমতো ক্লাস-পরীক্ষা নিচ্ছেন না। কর্মকর্তারাও তাঁদের অফিস ফেলে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে একাডেমিক কার্যক্রম যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩১ ডিসেম্বর অধ্যাপক আবদুল হাকিম সরকারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি অধ্যাপক শাহিনুর রহমানকে সহ-উপাচার্য নিয়োগ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সহ-উপাচার্য নিয়োগ পাওয়ার পর থেকেই উপাচার্যের সঙ্গে তাঁর ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। প্রথমে এ দ্বন্দ্ব ভেতরে-ভেতরে থাকলেও গত দুই বছরে তা প্রকট হয়েছে। ২০১৪ সাল থেকে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দুই অংশের পৃথক প্যানেল দেওয়া, বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাস অস্থিতিশীল করতে সহ-উপাচার্যের ইন্ধনের অভিযোগ, মাদ্রাসা-সংক্রান্ত অর্থ ভাগাভাগি নিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের বিরোধ, উপাচার্যের একপেশে সিদ্ধান্ত প্রভৃতি নিয়ে ক্যাম্পাসে অগে থেকেই উত্তেজনা ছিল। এ ছাড়া উপাচার্যকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে সহ-উপাচার্যের বিরুদ্ধে থানায় উপাচার্যের জিডি, আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও শিক্ষক-কর্মকর্তা সংগঠন বঙ্গবন্ধু পরিষদে বিভাজন, কর্মকর্তাদের মধ্যে বিভাজন, দরপত্র ও নিয়োগ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, উপাচার্য-সমর্থক কর্মকর্তাদের ওপর সহ-উপাচার্য-সমর্থক কর্মকর্তাদের হামলা, বিভিন্ন সময়ে উভয়েই বিভিন্নভাবে চাকরিপ্রত্যাশীদের ব্যবহার করে ক্যাম্পাস অস্থিতিশীল করার মাধ্যমে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটেছে। বড় ধরনের সংঘাত এড়াতে সর্বশেষ গত সোমবার এক আদেশে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে মিছিল, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্প্রতি উপাচার্য-সমর্থিত শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের শিক্ষক-কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আর্থিক অনিয়ম, যৌন হয়রানিসহ ১১টি অভিযোগ এনে সহ-উপাচার্যের অপসারণ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে উভয় সংগঠনের সহ-উপাচার্য-সমর্থিত অংশের শিক্ষক-কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপাচার্যের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যপন্থী হিসেবে পরিচিত শাপলা ফোরামের একাংশের সভাপতি ও সাবেক সহ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন এবং বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, উপাচার্য নিজেই বিভাজনের রাজনীতি করে আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগকে বিভক্ত করে রেখেছেন।
উপাচার্যপন্থী হিসেবে পরিচিত শাপলা ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিন ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান বলেন, দ্বন্দ্বটা উপাচার্যের নয়, দ্বন্দ্বটা আসলে সহ-উপাচার্যের নিজের; উপাচার্যের পদ দখলের উচ্চাভিলাষ থেকেই তিনি শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন।
জানতে চাইলে সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, ‘আমার সঙ্গে উপাচার্যের কোনো দ্বন্দ্ব নেই। আর উপাচার্য হওয়ার কোনো উচ্চাভিলাষ আমার নেই। তবে উপাচার্য আমার সঙ্গে কোনো কাজের বিষয়ে শেয়ার না করে তিনি নিজের ইচ্ছামতো কাজ করে যাচ্ছেন; তাই আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি।’
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘সহ-উপাচার্যের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব আছে বলে আমি মনে করি না। সরকার এখানে আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সবার সঙ্গে সমন্বয় করেই করার চেষ্টা করা হয়। আর বিভাজনের তো প্রশ্নই ওঠে না। সমন্বয় করি না—এ কথা যিনি বা যাঁরা বলছেন, তাঁরা নিশ্চয়ই কোনো পক্ষ নিয়েই কথাটি বলছেন।’ অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমি কখনো করিনি, করার চেষ্টাও করিনি।’