অস্থিতিশীলতার লক্ষ্যেই বিএনপি অফিসে বোমা হামলা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য বিএনপির নেতা খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবনের কথায়ই গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বোমা হামলা করা হয়। পবন নিজেই এ হামলার পরিকল্পনাকারী। গতকাল মঙ্গলবার হামলার ঘটনায় প্রদীপ সাহা আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন। ঢাকার মহানগর হাকিম মো. শাহাদত হোসেন তাঁর খাসকামরায় প্রদীপের জবানবন্দি নেন। আদালত জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে প্রদীপ সাহা বলেন, পবন রাজনৈতিকভাবে লাভবান হওয়া এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য হামলার পরিকল্পনা করেন। পবনের কথামতো তাঁর বন্ধু গোলাম সাব্বির ওরফে শোভন ও তিনি (প্রদীপ) ককটেল বিস্ফোরণ ঘটান। ২৩ ফেব্রুয়ারি রাতে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ নোয়াখালীর সোনাইমুড়ী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহাকে গ্রেপ্তার করে। পরদিন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। গতকাল রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়েছিল। প্রদীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পবনের বন্ধু গোলাম সাব্বির ওরফে শোভনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।