অস্থিমজ্জা প্রতিস্থাপনে অনন্য সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপনজনিত মৃত্যুহার শূন্য। গত তিন বছরে সেখানে ২৮ জনের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে।
ঢাকা মেডিকেলের হেমাটোলজি বিভাগ ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের প্রধান অধ্যাপক এম এ খান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সীমিত সম্পদ ও জনবল নিয়ে আমরা এই আধুনিক চিকিৎসা শুরু করেছিলাম ২০১৪ সালের মার্চে। এ পর্যন্ত ভালোই করেছি।’
যেসব মানুষ রক্তের ক্যানসার, হাড়ের ক্যানসার বা থ্যালাসেমিয়া রোগে ভোগে, তাদের অস্থিমজ্জা প্রতিস্থাপনের দরকার হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, অস্থিমজ্জা থেকেই রক্ত তৈরি হয়। অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসায় প্রথমে রোগগ্রস্ত ব্যক্তির অস্থিমজ্জা নষ্ট করে ফেলা হয়। তারপর তার শরীর থেকে স্টেম সেল সংগ্রহ করে তা সংরক্ষণ করা হয়। পরে এটি তার শরীরে প্রতিস্থাপন করা হলে নতুন করে অস্থিমজ্জা তৈরি হয়।
অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর ১০০ দিনের মধ্যে কেউ মারা গেলে তাকে বলে টিআরএম (ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড মর্টালিটি), এটিকে প্রতিস্থাপনের সূচক ধরা হয়। এখন পর্যন্ত বাংলাদেশে টিআরএমের হার শূন্য।
১৮ মার্চ ঢাকায় অস্থিমজ্জা প্রতিস্থাপনের ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যাপক এম এ খান। তিনি বলেন, একটি অধিবেশনে অস্থিমজ্জা প্রতিস্থাপনে ঢাকা মেডিকেলের এই সাফল্য ও অভিজ্ঞতা দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা হবে।
২০১৪ সালের ১০ মার্চ ব্যাংক কর্মকর্তা ওমর আলীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্যানসার চিকিৎসার আধুনিক যুগে প্রবেশ করে। ওমর আলী প্রথম আলোকে জানান, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর বাঁ পা ভেঙে যায়। রংপুর থেকে ঢাকায় এসে পঙ্গু হাসপাতালে চিকিৎসার সময় তাঁর হাড়ের ক্যানসার (মাল্টিপল মাইলোমা) ধরা পড়ে। জাতীয় ক্যানসার ইনস্টিটিউট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন। একপর্যায়ে তিনি চিকিৎসার জন্য অধ্যাপক এম এ খানের কাছে যান।
ঢাকা মেডিকেলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিট স্থাপনের জন্য ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নেন। যুক্তরাষ্ট্র থেকে আনা হয় যন্ত্রপাতি। প্রথম রোগী হিসেবে ওমর আলীকে বেছে নেওয়া হয়। ওমর আলী বলেন, ‘তিন বছর আগে আমার অপারেশন হয়েছে। এখন আমি ভালো আছি।’
বাংলাদেশে এখন শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই এই চিকিৎসা হচ্ছে, যার খরচ পাঁচ থেকে ছয় লাখ টাকা। চিকিৎসকেরা জানিয়েছেন, ভারত ও সিঙ্গাপুরে একই চিকিৎসার খরচ যথাক্রমে ১৫ লাখ ও ৪০ লাখ টাকা।
বাংলাদেশে এই চিকিৎসার সুযোগ আরও বাড়ানো দরকার বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। এখন রোগীর শরীর থেকে স্টেম সেল নিয়ে মূলত হাড়ের ক্যানসারের চিকিৎসা হচ্ছে। ব্লাড ক্যানসার বা থ্যালাসেমিয়ার চিকিৎসা এখনো শুরু করা যায়নি। এ জন্য নতুন যন্ত্রপাতির সহায়তা দরকার।