অস্থির রাজনীতির সুযোগ নিল ব্যাংক ও ঋণখেলাপিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাফে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ কমল প্রায় ৪ শতাংশ। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্তদের খেলাপি ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়েছিল। আর এই সুযোগ নিয়ে লাভবান হলো নতুন-পুরোনো অসংখ্য ঋণখেলাপি।
খেলাপি ঋণ কমায় কাগজে-কলমে ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে। তবে এককালীন কোনো জমা না দিয়েও খেলাপি ঋণ নবায়ন করার কারণে আর্থিকভাবে লাভবান হয়নি ব্যাংকগুলো।
গত ডিসেম্বর মাস শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯৩ শতাংশ। এর ঠিক এক বছর আগে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৪২ হাজার ৭২৬ কোটি টাকা বা ১০ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১ দশমিক ১০ শতাংশ কমেছে। তবে ২০১৩ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৫৬ হাজার ৭২০ কোটি টাকা বা ১২ দশমিক ৭৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে কমেছে ৩ দশমিক ৮৬ শতাংশ।
গত বছরের শেষ ভাগে বিএনপি-জামায়াতের সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠানের খেলাপি ঋণ পুনঃ তফসিল করতে শিথিল নীতি তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক। এই সুযোগটিই নিয়েছেন নতুন-পুরোনো খেলাপিরা। এ সুযোগ থাকছে আগামী জুন পর্যন্ত। ফলে জুন শেষে খেলাপি ঋণ আরও এক ধাপ কমবে বলে ধারণা করা হচ্ছে।
খেলাপি ঋণ পুনঃ তফসিলের এই মহোৎসবে সবচেয়ে অগ্রগামী রাষ্ট্র খাতের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল, বেসরকারি খাতের ন্যাশনাল ও প্রিমিয়ার ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক ছাড়া আর কোনো ব্যাংকেরই এখন খেলাপি ঋণ দুই অঙ্কের ঘরে নেই।
এ পর্বে বেসরকারি খাতের ৩৯ ব্যাংকের মধ্যে ২৭টির খেলাপি ঋণ কমেছে। ১০ ব্যাংকের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এত কিছুর পরও ফার্স্ট সিকিউরিটি ও শাহজালাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। নয়টি বিদেশি ব্যাংকের মধ্যেও চারটির খেলাপি ঋণ বেড়েছে। আর বিশেষায়িত কৃষি ও রাকাবের খেলাপি ঋণও বেড়েছে।
বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, যেকোনোভাবে খেলাপি ঋণ কমাতে পারলে প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয় না, ফলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাতে ব্যাংকের উদ্যোক্তারা বেশি করে লভ্যাংশ পাবেন। এ কারণে ব্যাংকগুলোও মহোৎসবে খেলাপি ঋণ নবায়ন করার সুযোগ দিয়েছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, গত বছরের শেষ চার মাসে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কেন্দ্রীয় ব্যাংক সুযোগ না দিলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিপদে পড়ে যেত। ফলে এই সুযোগ দেওয়াটা ইতিবাচক ছিল। কিন্তু, যে পরিমাণ ঋণ এভাবে পুনঃ তফসিল হয়েছে তাতে সন্দেহে দেখা দিয়েছে যে ঠিকমতো বিধি মেনে এগুলো পুনঃ তফসিল হয়নি। এখন নতুনভাবে নির্ধারিত সময়ের মধ্যে যদি ঋণগুলো পরিশোধ না হয়, তাহলে সন্দেহ ঠিক প্রমাণ হবে। ফলে ব্যাংকগুলোর প্রতি পরামর্শ হলো, তারা যেন এই ঋণগুলো তদারকি-নজরদারি করতে বিশেষ ব্যবস্থা নেয়।
ব্যাংকের হঠাৎ উন্নতি: এনবিএলে বেক্সিমকো লিমিটেডের ১২৩ কোটি ৯৭ লাখ টাকা, জনতা ব্যাংকে একই কোম্পানির ২৬৭ কোটি ৩৫ লাখ টাকা এবং রূপালী ব্যাংকেও এই কোম্পানির ৪৩০ কোটি ৬৯ লাখ টাকার ঋণ গত বছরের শেষ ভাগে এসে পুনঃ তফসিল করার জন্য ব্যাংকগুলোর পর্ষদ অনুমোদন করেছে। এ ঋণগুলো আগেও কয়েকবার পুনঃ তফসিল করা হয়েছে।
বড় অঙ্কের এ ধরনের ঋণ নিয়মিত করায় ব্যাংকের আয়ও বেড়েছে, কমেছে খেলাপি ঋণ। এনবিএলের খেলাপি ঋণ ২০১৩ সালের সেপ্টেম্বর শেষে ছিল দুই হাজার ৪২৭ কোটি টাকা বা ১৬ দশমিক ৬১ শতাংশ। ডিসেম্বর শেষে হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। প্রিমিয়ার ব্যাংকে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১৪ দশমিক ৬৫ শতাংশ, এখন তা ৩০২ কোটি ১৩ লাখ টাকা।
সোনালী ব্যাংকে খেলাপি ঋণ হয়েছে ৯ হাজার ৬২৯ কোটি টাকা বা ৩২ দশমিক ১১ শতাংশ। অথচ তিন মাস আগেও ছিল ১২ হাজার ৫৭০ কোটি টাকা বা সাড়ে ৪২ শতাংশ।
ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণ কমে ২ হাজার ৬০৫ কোটি ১০ দশমিক ১৮ শতাংশে নেমে এসেছে। সেপ্টেম্বর শেষে যা ছিল ৪ হাজার ৭৮৭ কোটি টাকা বা ১৮ দশমিক ৬৯ শতাংশ।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, পুনঃ তফসিল করেই মূলত খেলাপি ঋণ কমেছে। তবে আমরা নিয়মনীতি অনুসারে পুনঃ তফসিল হয়েছে কি না, তা তদারকি করব। এ বিষয়ে একটা বিশেষ পরিদর্শন দল ব্যাংকগুলোতে পাঠানো হবে।
বড় ও পুরোনো খেলাপিরা: রাষ্ট্রীয় খাতের জনতা ব্যাংক লিতুন ফেব্রিক্সের প্রায় ১৮০ কোটি টাকার নানা ধরনের ঋণ পুনঃ তফসিল করে দিয়েছে। পারটেক্স সুগার মিলের প্রায় ১০৬ কোটি টাকা নবায়ন করেছে জনতা ব্যাংক। আবার অগ্রণী ব্যাংক খেলাপি প্রতিষ্ঠান রূপগঞ্জ ট্রেডিং কোম্পানির ৯৩ কোটি টাকা, তানাকা ট্রেডকম ইন্টারন্যাশনালের প্রায় ৫২ কোটি টাকা, এম আর ট্রেডিংয়ের ৬৪ কোটি টাকা ও এডভান্স কম্পোজিট টেক্সটাইলের সাড়ে ৫৪ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল করেছে।
রূপালী ব্যাংক খেলাপি প্রতিষ্ঠান মাররিন ভেজিটেবল অয়েলের ১৭৩ কোটি টাকা, এ এইচ জেড এগ্রো ইন্ডাস্ট্রিজের ১৩৭ কোটি টাকা, জামসির ভেজিটেবল অয়েলের ১৫৯ কোটি টাকা এবং ভারগো মিডিয়া লিমিটেডের ১১৬ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল হয়েছে।
ন্যাশনাল ব্যাংক (এনবিএল) মনোয়ার ট্রেডিংয়ের ১১৮ কোটি টাকা, জিএমজির ১৩৮ কোটি টাকা এবং মেরিন ভেজিটেবলের ৩০৩ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল করেছে। প্রিমিয়ার ব্যাংক মজিবর রহমান খানের ৭০ কোটি টাকা, যমুনা ব্যাংক বিশ্বাস সিনথেটিকের ৬১ কোটি টাকা, ওয়ান ব্যাংকে আবদুল্লাহ স্পিনিং মিলের ৮৭ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক পাকিজা এন্টারপ্রাইজের ৫০ কোটি টাকা, ঢাকা ব্যাংকে জমজম স্পিনিংয়ের ৪২ কোটি টাকা, এসআইবিএল রূপায়ন হাউজিংয়ের ৮২ কোটি টাকা ও মোস্তফা করপোরেশনের ৬৫ কোটি ঋণ পুনঃ তফসিল করেছে।