অস্থিরতা আরও বাড়বে: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।জামায়াতের নিবন্ধন নিয়ে আদালতের রায়ের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলো ডটকমকে তাঁর এই আশঙ্কার কথা জানান।

গয়েশ্বর বলেন, ‘জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা না বাড়াটাই অস্বাভাবিক। জামায়াত এ সরকারের শুরু থেকেই এক ধরনের চাপে আছে। এটি মোকাবিলা করতে গিয়ে কী হয়েছে, তা সবাই দেখেছে। এখন এই দলকে চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হলে কিছু ঘটবে না, এটা ভাবা স্বাভাবিক নয়।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, গণতন্ত্রের পথ যত রুদ্ধ হবে, ফাঁকফোকর দিয়ে তত বেশি ঘটনা ঘটবে। এ অবস্থায় জামায়াত উগ্রপন্থী (এক্সট্রিমিস্ট) হয়ে যেতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কোনো দল দৃশ্যমান থাকলে তাদের সব কর্মসূচিও দৃশ্যমান থাকে। কিন্তু নিষিদ্ধ হলে তারা গোপনে কী করবে, তা জনগণ বুঝতে পারবে না।

একটি রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে হাইকোর্টের একটি বেঞ্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিলের বিধান দিয়েছেন। তবে রাজনৈতিক মিত্র জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার বিষয়ে বিএনপি এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা রায় না দেখে তাত্ক্ষণিকভাবে কিছু বলতে অস্বীকৃতি জানান। দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি। আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।

তবে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, রাজনীতির সব দায়িত্ব যদি আদালত নেন, তাহলে কিছু বলার থাকে না। আদালতের প্রতি জনগণের শ্রদ্ধা ও আস্থা আছে। তা রক্ষার জন্য আদালতেরও সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া উচিত।