সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে একের পর এক হামলায় ছাত্রলীগের নেতা-কর্মী আহত হওয়া এবং ছাত্রলীগের একাংশের ধর্মঘটের কারণে সৃষ্ট ‘অস্থিরতা’ এড়াতে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
গতকাল বেলা ১১টার দিকে ছুটি ঘোষণা বিজ্ঞপ্তি আকারে জারির সঙ্গে সঙ্গে ছাত্রদের সন্ধ্যা ছয়টার মধ্যে এবং ছাত্রীদের কাল বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, কর্তৃপক্ষের ঘোষণার পর ছাত্রদের সঙ্গে অনেক ছাত্রীও হল ছেড়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের দিনপঞ্জি অনুযায়ী ১৯ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের বাইরে ও আবাসিক হলে ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীর ওপর চোরাগোপ্তা হামলা এবং ছাত্রলীগের একাংশ ধর্মঘট আহ্বান করায় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রথম আলোকে জানান, হরতালসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ বাড়িয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।