অস্থিরতা ও নাশকতা হলে কেউ নিরাপদ নয়: কাদের
সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেড় বছর পরে আমাদের জাতীয় নির্বাচন। এ ধরনের হামলা নির্বাচনের অন্তরায়।’ সম্মিলিতভাবে এই জঙ্গিবাদ মোকাবিলার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘উগ্রবাদীরা মাঝে কিছু সময় বিরতিতে ছিল। তখন আমিসহ অনেকেই বলেছিলাম, তারা ভেতরে ভেতরে আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা এখন আমাদের স্বাধীনতার মাসকে বেছে নিয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এখানে দলমত খণ্ডিত চিন্তা করে লাভ নেই। আমরা ভিন্ন ভিন্ন দল করি। কিন্তু দেশটা আমাদের সবার। দেশ যদি ঠিক না থাকে, অস্থিরতা ও নাশকতা হয়, তাহলে আপনি আমি কেউ নিরাপদ নয়। এটা জাতির জন্য চ্যালেঞ্জ।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, হলি আর্টিজানে উগ্রবাদী হামলায় মেট্রোরেলের সাতজন জাপানি পরামর্শকের রক্তাক্ত বিদায় হয়। এ ধরনের হামলায় আমাদের দেশের মানুষের ওপর যতটা না প্রভাব পড়ে, তার চেয়ে বেশি হয় বিদেশিরা যখন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়। যে কারণে মেট্রোরেলের মতো একটা প্রকল্পের কর্মকাণ্ড বিলম্বিত হয়।’