অস্থিরতায় বৈশাখী বাজারে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বসুন্ধরা সিটির দেশী দশে কোনাকাটা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর বসুন্ধরা সিটির দেশী দশে কোনাকাটা। ছবি: জাহিদুল করিম

রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশাখী বাজার। ভাটা পড়েছে কেনাকাটায়। প্রতিবছরের মতো জমে ওঠেনি এবারের বৈশাখী বাজার। রাজধানীর ঢাকার কয়েকটি বাজার ঘুরে জানা গেছে এ তথ্য। বিক্রেতারা জানান, এবারের বিক্রিতে তাঁরা খুব হতাশ। গত বছরের তুলনায় বিক্রির হার কমেছে ২০ থেকে ২৫ শতাংশ।
রাজধানীতে কাপড়-ই-বাংলার সাতটি দোকান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুরসালিন বিথুনের ভাষ্য, এ বছর বৈশাখী কাপড়ের ক্রেতা কম। এ জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন তিনি। নারী-পুরুষ ও শিশুদের জন্য বিশেষ আয়োজন ছিল কাপড়-ই-বাংলার। কিন্তু রাজনৈতিক সহিংসতার কারণে বিক্রিতে ভাটা পড়েছে বলে তিনি দাবি করেন।
আজিজ সুপার মার্কেটে কাপড়-ই-বাংলার দোকানগুলোতে প্রতি বছর এ মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কাপড় বিক্রি হয়। এ বছর তা হবে না বলে আশঙ্কা করছেন মুরসালিন। কারণ কেনাবেচার জন্য কেবল আজকের দিনটিই হাতে রয়েছে তাঁদের। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর বিক্রির হার ২৫ শতাংশ কমে গেছে।
মধ্যবিত্ত শ্রেণির হাতের নাগালের মধ্যেই আজিজ সুপার মার্কেট। এখানে রয়েছে দেশীয় কাপড়ের বড় বাজার। বিভিন্ন ফ্যাশন হাউসের ২২০ টির বেশি দোকান রয়েছে এই বাজারে। পয়লা বৈশাখে এই বাজারে বিক্রি হয় প্রায় পাঁচ কোটি টাকার পণ্য। এ বছর হতাশ বিক্রেতারা। দোকান মালিকেরা জানান, লক্ষ্যের চেয়ে ২০ শতাংশ কম বিক্রি হয়েছে তাঁদের।

গত শনিবার বেশ কয়েকটি অভিজাত বিপলিকেন্দ্র ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে শাড়ি। এগুলোর দাম ৯০০ থেকে আট হাজার টাকা। পাঞ্জাবি দাম ৫০০ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় পোশাকের দাম বেশি বাড়েনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা। এসটুএন স্টাইল জোনের স্বত্বাধিকারী কাজী নাজিবুল আলম বলেন, কম দাম হওয়া সত্ত্বেও কেনাকাটায় এবার ক্রেতাদের আগ্রহ কম।

লন্ঠন ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী এসএম আফজাল জানান, বৈশাখ উপলক্ষে ২০ লাখ টাকার পোশাক বিক্রি হবে বলে তিনি আশা করেছিলেন। তাঁদের ফ্যাশন হাউসে ৩৫ ধরনের বৈশাখী পোশাক ছিল। কিন্তু লক্ষ্যপূরণ না হওয়ায় তিনি হতাশ।

এসএম আফজাল বলেন, তাঁদের ফ্যাশন হাউসটি পাইকারি। রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকার বাইরের ক্রেতারা পোশাক নিতে এবার কম আগ্রহী। এ কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সম্প্রতি বসুন্ধরা শপিং মলের দেশি দশের একটি দোকান ঘুরে দেখা গেছে, সেদিন তাঁরা গড়ে ছয় থেকে ১২টি শাড়ি, পাঁচ থেকে ১০টি পাঞ্জাবি, চার থেকে আটটি থ্রিপিস বিক্রি করেছেন। দেশি দশের বেশির ভাগ দোকানের বিক্রেতা এতে সন্তুষ্ট নন। তাঁরা আশা করছেন, উৎসবের শেষ সময়ে এসে বিক্রি কিছুটা বাড়তে পারে। দেশি দশের একজন কর্মকর্তা জানান, সাধারণত মার্চের মাঝামাঝি থেকে বৈশাখী পণ্যের কেনাবেচা শুরু হয়। কিন্তু এ বছর এপ্রিল মাসের শুরু থেকে ক্রেতারা দোকানে আসতে শুরু করেছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতাদের উপস্থিতি কম। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে এ বছর বৈশাখী পোশাকের বিক্রি গত বছরের রেকর্ড ছাড়িয়ে যেত।

বৈশাখকে কেন্দ্র করে দেশীয় পোশাকের প্রতিষ্ঠানগুলো লাভজনক পরিকল্পনা করে। এটি তাদের কাছে অনেকটা ঈদের বাজারের মতো। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের ব্যবসা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। ১০ বছর ধরে ফ্যাশন হাউস বাংলার মেলায় কর্মরত আছেন বর্তমান ব্যবস্থাপক শহীদুল ইসলাম। তিনি বলেন, ১০ বছর আগে বৈশাখী বাজার শহরের বিত্তবান ক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন এটি অনেকটা ঈদের বাজারে পরিণত হয়েছে। বৈশাখী বাজারকে কেন্দ্র করে বিক্রেতারা বড় ধরনের মুনাফার আশা করেন। কিন্তু চলমান রাজনৈতিক টালমাটাল অবস্থা সেই আশা গুঁড়িয়ে দিয়েছে।