অস্থিরতার মধ্যেই তিন সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষের প্রায় আট বছর পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে। ভোট গ্রহণের তারিখ ২৮ এপ্রিল। একই দিন চট্টগ্রাম সিটি করপোরেশনেরও নির্বাচন হবে।
গতকাল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
বিভিন্ন মহলে আলোচনা আছে, প্রতিপক্ষকে অপ্রস্তুত ও নির্বাচনের বাইরে রেখে নিজ দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এই সময়টা নির্বাচনের জন্য বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী ডামাডোলের মাধ্যমে বিরোধী জোটের আন্দোলন কর্মসূচিকে আরও অকার্যকর করার কৌশল হিসেবেও সরকার এ উদ্যোগ নিয়েছে।
তবে অবরোধ-হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সংকটের সময় নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে কমিশনের হাত নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আশ্বাস এসেছে যে পরিস্থিতি নির্বাচনের অনুকূলে। তারা বলেছে, পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হবে। তবে হঠাৎ চোরাগোপ্তা হামলা হতে পারে। তাই অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে ২০১২ সালের এপ্রিলে ঢাকার দুই সিটির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেও তা বাতিল করে আদালতের নির্দেশে।
শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে সরকার গঠনের পর তিনবার ঢাকা সিটির নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রতিবারই সীমানা নির্ধারণ কিংবা ভোটার তালিকা প্রণয়ন-সংক্রান্ত মামলার অজুহাতে সেসব উদ্যোগ ব্যর্থ হয়। আলোচনা আছে, সরকারি দলের জনপ্রিয়তা কমে যাওয়া এবং গ্রহণযোগ্য প্রার্থী না পাওয়ায় ঢাকায় নির্বাচনের আগ্রহ দেখায়নি সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নির্ধারিত সময় মেনেই হচ্ছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন, এরপর রাজনৈতিক সংকট এবং টানা দুই মাসের অবরোধ-হরতালে জ্বালাও-পোড়াওয়ের মধ্যে এবার তিন সিটিতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, আগেও স্থানীয় নির্বাচনে সেনাবাহিনীকে কাজে লাগানো হয়েছে। প্রয়োজন হলে পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল তফসিল ঘোষণা করা হলেও ঢাকায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই পোস্টার-বিলবোর্ডের মাধ্যমে প্রচারণায় নেমে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কমিশনার প্রার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে এসব বিলবোর্ড, ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে এখন পর্যন্ত মাঠ দাপাচ্ছেন সরকারি দলের সমর্থকেরাই। স্বতন্ত্র কয়েকজন আগ্রহী হলেও প্রচারণায় নামেননি। এ নির্বাচনে বিএনপির ভূমিকা কী হবে, সেটা এখনো স্পষ্ট নয়।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রথম আলোকে বলেন, তিন সিটি নির্বাচনের বিষয়ে এখনো দলের কোনো পর্যায়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। গত রাতে দুই আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া দলীয় ফোরামে আলোচনা করে সিটি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বলেন, গাজীপুর, সিলেট ও রাজশাহীসহ নির্বাচিত অনেক সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়ে আটক করেছে। অনেক স্থানে গ্রেপ্তার ও রিমান্ডের নামে নির্যাতন থেকে বাঁচতে অনেককে আত্মগোপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে ক্ষমতাসীনেরা গণরায়ের পরোয়া করে না। বিএনপির আরও একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, এ মুহূর্তে সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে তাঁদের আগ্রহ নেই।
অভিন্ন ঢাকা সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালের ২৫ এপ্রিল। মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ঢাকা সিটি নির্বাচনের উদ্যোগ নিলেও প্রধান রাজনৈতিক দলগুলো এতে রাজি হয়নি। ২০১০ সালে অভিন্ন এবং ২০১২ ও ২০১৩ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। ২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করা হয়। চট্টগ্রাম সিটিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১০ সালের ১৭ জুন।
ঢাকায় চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীনেরা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে দল ও দলের বাইরে কঠিন চ্যালেঞ্জে পড়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ। এরই মধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে ঢাকা উত্তরে ব্যবসায়ী নেতা আনিসুল হক ও দক্ষিণে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনানুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়েছে। এ নিয়ে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। উভয় সিটিতেই দলের একাধিক প্রভাবশালী প্রার্থী প্রচারে নেমেছেন। এ ছাড়া মহাজোটের শরিকদের অনেকেই আলাদা প্রার্থী দিয়েছে।
উত্তরে আনিসুল হকের পাশাপাশি সাংসদ কামাল মজুমদারও মাঠে আছেন। পোস্টার-লিফলেটে আগ্রহের কথা জানিয়েছেন আওয়ামী লীগেরই আরেক সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাই এখলাস উদ্দিন মোল্লাহ। দক্ষিণে সাঈদ খোকনের সঙ্গে মাঠে আছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম।
মহানগর আওয়ামী লীগের দুই নেতা প্রথম আলোকে বলেন, আনিসুল হকের সঙ্গে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ স্থাপিত হয়নি। দলের অনেকেই তাঁকে পছন্দ করেন না। পুরান ঢাকা ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে হাজি সেলিম সক্রিয়। সাঈদ খোকন পারিবারিকভাবে পরিচিত। ফলে দুজনই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। এখলাস উদ্দিন মোল্লাহর প্রার্থী হওয়ার আগ্রহের পেছনে মূল কারণ কামাল মজুমদারের সঙ্গে হারুন মোল্লাহ পরিবারের দ্বন্দ্ব।
জানতে চাইলে কামাল মজুমদার বলেন, তাঁর আশা, দল মেয়র নির্বাচনে প্রার্থী উন্মুক্ত রাখবে। তাঁর দাবি, আনিসুল হকের চেয়ে তিনিই বেশি জনপ্রিয় এবং নেতা-কর্মীরা তাঁর সঙ্গেই আছেন।
আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট মেয়র পদে প্রার্থী ঠিক করলে আওয়ামী লীগের দুই প্রার্থীও পরিবর্তন হয়ে যেতে পারে। তখন একক প্রার্থী নিশ্চিত করা হবে। এমনকি স্বতন্ত্র কোনো প্রার্থী বিরোধী জোটের সমর্থন নিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলে সে ক্ষেত্রেও একক প্রার্থী নিশ্চিত করার চেষ্টা করা হবে। আর বিরোধী জোট নির্বাচনের বাইরে থাকলে মেয়র পদে প্রার্থিতা উন্মুক্ত রাখার চিন্তা আছে আওয়ামী লীগের।
সরকারবিরোধী প্রার্থী: ১১ মার্চ এক অনুষ্ঠানে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম জানিয়েছেন, সংগঠনের কারাবন্দী আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা উত্তরে প্রার্থী হচ্ছেন।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মাহমুদ জামাল কাদেরী গতকাল প্রথম আলোকে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এস এম আকরামের ঘোষণা এখনো বহাল আছে। পরিবেশ-পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তরে প্রার্থী হওয়ার কথা ভাবছেন বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরীও। তবে নাগরিক ঐক্য ও বিকল্পধারার একাধিক সূত্র জানায়, উত্তরে মান্নার প্রার্থী হওয়া নিশ্চিত হলে মাহী সরে দাঁড়াবেন। আর মান্না সরে দাঁড়ালে মাহী নির্বাচন করবেন।
জানতে চাইলে মাহী বি চৌধুরী বলেন, দল, সমর্থক, পেশাজীবী ও ফেসবুক গ্রুপের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ আছে। তাঁরও ভাবনায় আছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি দেখছেন। মান্না থাকলে তিনি দাঁড়াবেন না, এটা বলার সময় এখনো আসেনি বলে জানান তিনি।
বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর গণমাধ্যমসচিব জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, মাহী চৌধুরীর মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে দলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সরকারের সমালোচক হয়ে দলের অবস্থান হারানো সাবেক আওয়ামী লীগদলীয় সাংসদ গোলাম মাওলা রনি ঢাকা দক্ষিণে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। জানতে চাইলে বলেন, তিনি প্রার্থী হবেন। তবে ২০-দলীয় জোট নির্বাচনে এলে বা না এলে কী হবে, সেই হিসাবও কষছেন তিনি।
এর বাইরে জাতীয় পার্টি প্রার্থী করেছে সাইফউদ্দিন আহমেদ ও বাহাউদ্দিনকে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স ও কাফি রতন, বাসদের বজলুর রশিদ ফিরোজও মেয়র পদে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন।
ঢাকা উত্তর সিটির ৩৬টি ওয়ার্ডের মোট ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণের ৫৭টি ওয়ার্ডের ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। চট্টগ্রাম সিটির ৪১টি ওয়ার্ডের ভোটার ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন।