অস্পৃশ্যতা চর্চা শাস্তিযোগ্য ঘোষণার দাবি দলিতদের

দলিত জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় দ্রুত বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের। একই সঙ্গে জনসমাগম (পাবলিক) ও ব্যক্তিগত ক্ষেত্রে অস্পৃশ্যতাচর্চা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা দেওয়ার দাবিও জানায় সংগঠনটি।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনটির আয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
বৈষম্য, অস্পৃশ্যতা চর্চা, চাকরি, আবাসনসহ নানা সমস্যায় জর্জরিত হলেও বর্তমানে দলিত ব্যক্তিদের প্রধান সমস্যা চাকরি নিয়ে। তাঁরা জানান, সিটি করপোরেশনে ও পৌরসভায় এখনো দলিত ব্যক্তিরা স্থায়ী নিয়োগ পান না। এ জন্য যেকোনো অজুহাতে তাঁদের চাকরিচ্যুত, ছাঁটাই করার সুযোগ রয়েছে। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে কোটা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের অযোগ্য ও অদক্ষ উল্লেখ করে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে।
দলিত মানুষের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বৈষম্য ও সামাজিক অবিচার গতানুগতিক প্রকল্প দিয়ে সমাধান করা যাবে না। তিনি বলেন, যেকোনো দাবির পেছনে জোরালো যুক্তি, তথ্য-প্রমাণ দরকার। এ জন্য দেশের জরিপগুলোতে শুধু দলিত নয়, সব প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য থাকা উচিত। এতে নীতিনির্ধারকেরা তাঁদের দাবি বাস্তবায়নে চাপ অনুভব করবেন।
দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, ঘুষ ছাড়া চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
দলিত ব্যক্তিদের নিজেদের আন্দোলনের ফলে সরকার অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সংবিধানে আছে কারও সঙ্গে বৈষম্য করা যাবে না। বাস্তবতা হলো, সমাজ বৈষম্যে জর্জরিত। অনেক পরিবর্তন এলেও সমাজ থেকে বৈষম্য দূর করা যাচ্ছে না।
অনুষ্ঠান শেষে দলিত মানুষের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।