অস্বচ্ছ প্রক্রিয়ায় মেডিকেলে ভর্তির পাঁয়তারা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল করে সরকার স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে। গোপন ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি দলের সমর্থকদের ছেলেমেয়েদের ভর্তি করানোর উদ্দেশ্যে নতুন এ পদ্ধতি চালুর চেষ্টা চলছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২০১২’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ বলেন, একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর চিকিৎসাবিদ্যা পড়ার ক্ষমতা আছে কি না, তা অবশ্যই যাচাই হওয়া দরকার। সরকারের প্রস্তাবিত পদ্ধতিতে দক্ষতা যাচাই করার ব্যবস্থা নেই।অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু শৈল্যবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় একাধিক আলোচক বলেন, আটটি সাধারণ ও মাদ্রাসা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। সব বোর্ডে পরীক্ষা গ্রহণের মান ও উত্তরপত্র দেখার মানও এক রকম নয়। তাই একই জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মেধা এক রকম নয়। অথচ সরকার সবাইকে এক পাল্লায় মাপতে চাইছে।সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বা বুয়েটে পরীক্ষার মাধ্যমে ভর্তির পদ্ধতি বহাল রেখেছে সরকার। শুধু মেডিকেলে পরীক্ষা বাতিল করে বৈষম্য করা হচ্ছে। তিনি বলেন, হীন উদ্দেশ্যে সরকার এটা করছে।আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায়, এটা গুণগত একটা পরিবর্তন। তিনি বলেন, পদ্ধতি এমন হতে হবে যেন ভর্তির মাধ্যমে ভবিষ্যতের একজন মানবিক গুণসম্পন্ন চিকিৎসক পাওয়া অনেকটা নিশ্চিত হওয়া যায়। ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক।