অস্বস্তির মধ্যেও শিশুদের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উল্লাস। ছবিটি গতকাল দুপুরে তোলা ।  প্রথম আলো
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উল্লাস। ছবিটি গতকাল দুপুরে তোলা । প্রথম আলো

টানা রাজনৈতিক কর্মসূচির কারণে ক্লাস-কোচিং ঠিকমতো না হওয়া, সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠানে বিপত্তি, প্রশ্নপত্র ফাঁস—এত কিছুর পরও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় মেধার পরিচয় দিয়েছে শিশুরা।
গতকাল সকালে পিএসসির ফল প্রকাশের পর ঢাকার স্কুলগুলোতে শিশু ও অভিভাবকদের বেশ উচ্ছ্বসিতই দেখা গেছে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি এসব শিশু ও অভিভাবকদের স্কুলে এসে ফলাফল জানা ও আনন্দ করা খুব একটা আটকাতে পারেনি। পিএসসির ফলাফলে দেশসেরা ২০টি বিদ্যালয়ের সবগুলোতেই পাসের হার শতভাগ। মনিপুর স্কুল হয়েছে সেরাদেরও সেরা।
গতকাল ফল পেয়ে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। সেই দৃশ্য মুগ্ধ চোখে তাকিয়ে দেখেছেন অভিভাবকেরা। রোমানা, নুসরাত জাহান, লামিয়ারা মহাব্যস্ত ছোটাছুটি ও ছবি তুলতে। এরই এক ফাঁকে নুসরাত বলে, ‘আমরা দেশের সেরা স্কুল। এটা আমাদের প্রিয় স্কুল।’ বলেই আবার দৌড়।
ছেলে মাহমুদুল সাফি জিপিএ-৫ পেয়েছে। স্কুল ও ছেলের পরিশ্রমকে ধন্যবাদ দিয়ে সাফির মা রেহানা বেগম বলেন, ‘এমন একটি দিনের জন্য অপেক্ষা করছিলাম।’
বিদ্যালয়ের অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, দেশের সহিংস সব ঘটনার মধ্যে আনন্দের বিষয় যে মনিপুর স্কুল দেশের মধ্যে সেরাদেরও সেরা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। ফলে তাদের আলাদা করে কোচিং করতে হয় না।
ঢাকার খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুল এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। শত বাধা-বিপত্তি সত্ত্বেও অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের পরিশ্রমের ফসল ঘরে উঠেছে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ।
জিপিএ-৫ পাওয়া সাবিদের ভালো ফলাফলের জন্য তার বাবা সাজ্জাদ হোসেন সাবিদ ও শিক্ষকদের অবদান বেশি বলে জানালেন।
রাজধানীর মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল গত বছর চতুর্থ স্থানে থাকলেও এবার তৃতীয় স্থানে উঠে এসেছে। অধ্যক্ষ নুরুন নবী জানান, শিশুবান্ধব পড়ার পরিবেশ, দক্ষ শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় ভালো ফল করা সম্ভব হয়েছে।
দেশসেরাদের তালিকায় চতুর্থ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; পঞ্চম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ; ষষ্ঠ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ; সপ্তম কুমিল্লার মডার্ন স্কুল; অষ্টম গুলশানের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; নবম মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এবং দশম চট্টগ্রাম বন্দরের বিএন স্কুল অ্যান্ড কলেজ।