অস্বাভাবিক জোয়ারে প্লাবিত ভোলা, ভাঙা বাঁধে কষ্টের ঈদ
ঈদের দিনে মানুষ পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে উৎসবে মেতে ওঠে। ভালোমন্দ খেয়ে ও নতুন জামা পরে দিনটি উদ্যাপন করে। কিন্তু ভোলায় লক্ষাধিক মানুষের জন্য দিনটি ছিল চরম দুর্ভোগের। পানিবন্দী থাকায় তারা কোথাও যেতে পারেনি। আয়রোজগার ছিল বন্ধ। তাই সন্তানদের জন্য নতুন পোশাক কিনতে পারেনি অনেকে। রান্না করতে পারেনি ফিন্নি-পায়েস। ঘরে-উঠানে-রাস্তায় কোমরসমান পানি। অনেক পরিবার বাঁধে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। গত কয়েক দিনে চরফ্যাশন, মনপুরা, সদর, দৌলতখান উপজেলা ঘুরে এ চিত্র দেখা গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভোলার সাত উপজেলার প্রায় ৬০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের অধিকাংশ এলাকা সংস্কার হয়নি। অমাবস্যার প্রভাবে সৃষ্ট জোয়ারে ঈদের আগের দিন থেকে আবার ওই সাত উপজেলার ২৫টি ইউনিয়ন প্লাবিত হচ্ছে। এতে এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা মাছ শিকার ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এখন নদীতে মাছ না পাওয়ায় ও জমিগুলো পানিতে তলিয়ে থাকায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।
পাউবোর ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, ঈদের দিন অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের চাপ ছিল। চরফ্যাশন, মনপুরা ও বাঁধের বাইরের এলাকা প্লাবিত হয়েছে।
গত মঙ্গলবার দৌলতখান উপজেলার সৈয়দপুর গিয়ে দেখা যায়, অনেকেই পাউবোর ভাঙা বাঁধের ওপর ত্রিপল বিছিয়ে ঈদের নামাজ পড়েছেন বৃষ্টি ও কাদার মধ্যে। তাঁদের কারও গায়ে গামছা, আবার কারও গায়ে পুরোনো ছেঁড়া জামা। তাঁরা জানান, বাঁধ ভেঙে পানির ঢোকার সঙ্গে সঙ্গে তাঁদের বসতভিটা ভেঙে গেছে। ঈদের দিনও সেই ঘরের আসবাব নিরাপদ স্থান আনতে কাজ করেছেন তাঁরা। অনেকে ভাঙা বাঁধের ওপরই কাদাপানির মধ্যে কুঁড়েঘর তুলছেন।
সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজার এলাকার মো. দুলাল বলেন, ‘ঘর ভাইঙ্গা বান্দে উডাই রাইখছি, এহোন পোলাইন-ছালান লইয়্যা প্রতিবেশীর ঘরের বারান্দায় রাইত কাডাই, পরের ঘরোত রানতারলে খাই, না রানতারলে না খাই দিন কাডাই।’
উত্তর সৈয়দপুর গ্রামের মো. আলী ভুট্টু বলেন, ‘মোর তিন পুতের (ছেলে) এক পুত দরজির দোকানোত কাম করে। হেরে মালিক নতুন জামা সিলাই দিছে। আমি, হেতি (স্ত্রী) আর দুই পুত ফক্কা (কিছুই পাইনি)।’ তিনি আরও বলেন, ‘নদীত মাছ নাই, পানিত ডুবি আছি, জীবন বাঁচান দায়, নতুন কাপুর কিনমু কী দিয়া?’ একই গ্রামের সালাউদ্দিন বলেন, ‘আমগো লাই ঈদ আছেনি, এ্যডি বড় মিয়াগো লাই।’
ঈদের দিন ফিন্নি-পায়েস রান্না করতে পারেননি আঞ্চল বিবি, বিবি কুলসুম, মল্লিকা, আইমুনা বেগম ও পারুল বিবিসহ ৫০ জন গৃহিণী। তাঁদের মধ্যে পারুল বিবি বললেন, ‘ফিন্নি রাইনতে যে চাউল লাগে, হেই চাউল কিনোনের সামর্থ্য কি আমগো আছে। হুদা পোলাইনরে (ছেলেমেয়ে) সান্ত্বনা দেওনের লাই দেড় পোয়া রিলিপের চাউল দিয়া এট্টু নাস্তা রাইনছি, হ্যার মাইধ্যে না দিছি তেজপাতা, না দিছি গরম মসল্লা, এ্যাডিরে কি নাস্তা কয়।’
ঈদের দিন উত্তর সৈয়দপুর গ্রামের শিশুদের উদোম শরীরে কলার ভেলা ভাসিয়ে ও পানিকাদা নিয়ে আনন্দে মেতে থাকতে দেখা গেছে। কথা হয় শরীফ, সাজাহান, হাসান ও রিয়াজের সঙ্গে। ঈদে নতুন জামা কিনেছ? জানতে চাইলে ওরা চুপ করে থাকে, একে অপরের দিকে তাকায়, মিচকি হাসতে থাকে। একপর্যায়ে যেতে যেতে বলে, ‘না’। তাছলিমা নামের এক শিশুর মা মরিয়ম এসে বলেন, ‘এ গুলিন কিয়ারে জিগান বাই, হোলাইনের (ছেলেমেয়ের) মন খারাপ করি দ্যান কিয়ারে, দিবেননি জামা।’
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘বিগত দুই বছরের চেয়ে এ বছর কম এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত লোকজনের একটা তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের পুনর্বাসন করার চেষ্টা অব্যাহত রয়েছে।’