অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং পূর্ণিমার জোর প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে গতকাল মঙ্গলবার বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের চাপে বরগুনা সদরের ছোট বালিয়াতলী ও তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকার তিনটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় এক কিলোমিটার বিলীন হয়ে গেছে।
বরগুনায় প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পটুয়াখালীতে নিম্নাঞ্চল ছাড়াও শহরের একাংশ প্লাবিত হয়েছে। মঠবাড়িয়ায় সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুমুরিয়ার শতাধিক চিংড়িঘের ভেসে গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে গতকাল জেলার প্রায় ১৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত সোমবার সকাল থেকে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে।
বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতিকেন্দ্রের উপপরিচালক কিশোর কুমার সরদার গতকাল দুপুরে জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পূর্ণিমার জোর প্রভাবে বরগুনা সদরের নলটোনা, বালিয়াতলী; তালতলী উপজেলার সোনাকাটা, বড়বগী; আমতলী উপজেলার চাওড়া, আরপাঙ্গাশিয়া; পাথরঘাটা উপজেলার সদর, কাকচিঁড়াসহ ১৪টি ইউনিয়নের প্রায় ১৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
গতকাল সকালে তালতলীর নিশানবাড়িয়া এলাকার দুটি স্থানে পাউবোর বাঁধ ভেঙে কয়েক হাজার ঘরবাড়ি ও ২৫ হাজার একর জমির ফসল তলিয়ে যায়। জোয়ারের পানিতে বরগুনা শহরের বঙ্গবন্ধু সড়ক, বাজার রোড, ফার্মেসিপট্টি, পশু হাসপাতাল সড়কের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে।
পটুয়াখালী: পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে চার দিন ধরে পটুয়াখালীর উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে পটুয়াখালী শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা। জোয়ারের সময় পর্যটনকেন্দ্র কুয়াকাটা-কলাপাড়া সড়কের তিনটি ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যানবাহন চলাচল বন্ধ থাকছে। জোয়ারের সময় জেলার গলাচিপা, দশমিনা, বাউফল, মির্জাগঞ্জে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়ছে।
গতকাল সকালে জোয়ারে পটুয়াখালী শহরের সদর রোড এলাকার লোহাপট্টি, কাঠপট্টি, পৌরসভা চত্বর, এসডিও সড়ক, মহিলা কলেজ সড়ক, জুবিলী স্কুল সড়কসহ অনেক এলাকা প্লাবিত হয়েছে।
মঠবাড়িয়া (পিরোজপুর): বলেশ্বর ও বিষখালী নদীর জোয়ারে গতকাল পিরোজপুরের মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দর ও থানাপাড়াসহ উপজেলার দুটি ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অস্বাভাবিক জোয়ারে পৌর শহরের দক্ষিণ বন্দর ও থানাপাড়া এলাকার একাংশ পানিতে ডুবে দুই শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া ও কচুবাড়িয়া গ্রামের ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সাপলেজা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ জানান, জোয়ারের পানি ঢুকে লোকালয় প্লাবিত হওয়ায় খেতাছিঁড়া গ্রামের ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
ডুমুরিয়ায় ভেসে গেছে শতাধিক ঘের: প্রবল জোয়ারের চাপে গত সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার টিয়াবুনিয়া স্লুইসগেটের বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্লুইসগেটের আশপাশের শতাধিক চিংড়িঘের ভেসে গেছে। কয়েকটি ঘরও ভেঙে গেছে।