অস্বাভাবিক জোয়ারে পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী
অস্বাভাবিক জোয়ারে ভোলার ৩৮টি ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন তিন-চার ফুট পানিতে তলিয়ে গেছে। বাগেরহাটে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।
ভোলা: পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলায় বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১১০ কিলোমিটার বাঁধ। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। তিন দিন ধরে সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা; দৌলতখানের মেদুয়া, মদনপুর; বোরহানউদ্দিনের পক্ষীয়া, বড় মানিকাসহ সাতটি উপজেলার ৩৮টি ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, গত পাঁচ দিনে অস্বাভাবিক জোয়ারে ভোলার ৩৮টি ইউনিয়নের আমনের বীজতলা ও আউশখেত ডুবে গেছে।
কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন তিন দিন ধরে তিন-চার ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। এই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী। জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। ঘূর্ণিঝড় মহাসেনের সময় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের নাওয়াপাড়া ও চাড়িপাড়া বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামত না হওয়ায় জোয়ারের পানি ঢুকে এমন পরিস্থিতি হয়েছে। গোটা ইউনিয়নই প্রতিদিন জোয়ারের পানিতে দুই দফা প্লাবিত হচ্ছে।
বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিন দিন ধরে এসব এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।
মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় বাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। অমাবস্যা ও পূর্ণিমার সময় নদীতে জোয়ারের পানি বাড়লেই এসব এলাকা প্লাবিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাগেরহাট শহরের পুরোনো পোস্ট অফিস, ডাকবাংলো ঘাট, নাগেরবাজার ও হাড়িখালী এলাকার রাস্তাঘাট পানিতে তালিয়ে গেছে।
সদর উপজেলার দক্ষিণ মাঝিডাঙ্গা গ্রামের অনেক বাড়িতে পানি উঠেছে। ভৈরব নদে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট পর্যন্ত বাড়ছে। জোয়ারের পানিতে বাগেরহাট শহরের রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
হাড়িখালী এলাকার সুজন শেখ বলেন, ‘জোয়ারের সময় পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। আমাদের দারুণ দুর্ভোগে পড়তে হয়।’
পাউবো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন নদীতে পানির চাপ বাড়ছে।