অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার ছয়টি গ্রাম প্লাবিত, দুর্ভোগ
অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামগুলোর বাসিন্দারা দুই দিন ধরে পানিবন্দী অবস্থায় দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে মেঘনায় অস্বাভাবিক জোয়ার শুরু হয়। যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট বেশি। উপজেলার সুখচর ইউনিয়নের বেশির ভাগ এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি সহজেই ইউনিয়নের অভ্যন্তরে ঢুকে পড়ে। এতে ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। যার মধ্যে ছয়টি গ্রামের অবস্থা খুবই খারাপ। গ্রামগুলো হলো দাসপাড়া, কাহার গ্রাম, দরগা গ্রাম, বাদশা মিয়াগো গ্রাম, কাদির সর্দার গ্রাম ও মুলিশাগো গ্রাম। এসব গ্রামের বেশির ভাগ গ্রামীণ সড়ক ও বাড়িঘর এখন জোয়ারের লবণাক্ত পানিতে নিমজ্জিত। স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়নটিতে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি একটু বাড়লেই ঘরবাড়িতে পানি ওঠে। এতে বর্তমানে অনেক বাড়িতে রান্না করে খাওয়ার অবস্থাও নেই।
সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই দিন ধরে অস্বাভাবিক জোয়ারে তাঁর ইউনিয়ন পুরোটাই প্লাবিত হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার আগের দিনের তুলনায় বেশি উচ্চতায় জোয়ার আসায় মানুষ দুর্ভোগে পড়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে।
জানতে চাইলে অস্বাভাবিক জোয়ারে সুখচর ইউনিয়ন প্লাবিত হওয়ার কথা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিদুর রহমান। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ার হলেই ওই ইউনিয়ন প্লাবিত হয়। সকালে তিনি নিজেই প্লাবিত কয়েকটি এলাকা পরিদর্শন করে এসেছেন। তবে ক্ষতিগ্রস্তদের জন্য এখনো কোনো ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়নি বলে জানান ইউএনও।