অস্বাভাবিক জোয়ার, প্লাবিত ১২ গ্রাম

সাগরে নিম্নচাপের প্রভাবে আজ রোববার অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার তিনটি ইউনিয়নের ১২ গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া উত্তাল নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে একটি ট্রলার। ট্রলারের ১৪ জন জেলের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। অন্যরা নিখোঁজ রয়েছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, রোববার বেলা একটার দিকে অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে উপজেলার তমরুদ্দী, চর ঈশ্বর ও জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তবে বিকেল নাগাদ পানি অনেকটা নেমে যায়। নদী উত্তাল থাকায় রাতের জোয়ারে আরও বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম জানান, দুপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার তিনটি ইউনিয়নের দশ থেকে ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার লোকজন দুর্ভোগের মধ্যে পড়েন। বিকেল নাগাদ পানি কমে গেলেও অন্য সময়ের মতো স্বাভাবিক নয়। এ ছাড়া উত্তাল নদীতে মাছ ধরতে গিয়ে জাহাজমারা এলাকার একটি ট্রলারে ১৪ জন জেলে নিখোঁজ হন। তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।