মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদে হঠাৎ করে গত বুধবার রাতে জোয়ারের পানি বেড়ে যায়। তলিয়ে যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচটি ইউনিয়নের বোরো ধানের জমি। এতে ফসলহানির আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর উপজেলার ব্রহ্মপুত্র নদ ও মেঘনা নদীর তীরের সনমান্দি, মোগরাপাড়া, পিরোজপুর, শম্ভুপুরা ও বৈদ্যেরবাজার ইউনিয়নের নদ-নদীর তীরবর্তী ২৭টি গ্রামের কৃষকেরা প্রায় ৩০০ হেক্টর জমিতে বোরোর চাষ করেন। এসব ধানগাছে ইতিমধ্যে থোড় ধরেছে। আগামী এক মাসের মধ্যে জমির ধান কেটে ঘরে তোলার কথা কৃষকদের। কিন্তু বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার নদীর জোয়ারের পানি হঠাৎ করে বৃদ্ধি পায়। তলিয়ে যায় কৃষকদের সব জমির ফসল।
শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের কৃষক নোয়াব আলী বলেন, ‘বর্তমানে চৈত্র মাসের মাঝামাঝি সময় চলছে। এ সময় এভাবে অস্বাভাবিক জোয়ার এসে নদীর পানি বাড়তে কখনো দেখিনি আমরা। এ বছর অস্বাভাবিক জোয়ারের পানি আমাদের সর্বনাশ ঢেকে এনেছে।’
গতকাল দুপুরে শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি, এলাহীনগর, নবীনগর, মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ও পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ঘুরে দেখা যায়, তলিয়ে যাওয়া জমির পাশে কৃষকেরা বিষণ্ন মনে বসে আছেন।
এলাহীনগর গ্রামের কৃষক রাজ্জাক মিয়া বলেন, ‘আমার পাঁচ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ ধান চাষ করে সারা বছর আমার সংসার চলে। এ বছর আমার সব শেষ। স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়ে জমিতে আবাদ করেছি। এখন ঋণের টাকা পরিশোধ করব কীভাবে।’ এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ বলেন, অস্বাভাবিক জোয়ারের পানিতে নদীর তীরবর্তী সব বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকেরা হতাশ হয়ে পড়ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ বলেন, সোনারগাঁয়ের পাঁচটি ইউনিয়নের কৃষকেরা প্রতিবছরের মতো এ বছরও নদীর তীরে বোরো ধান চাষ করেছিলেন। অস্বাভাবিক জোয়ারের পানিতে ক্ষতির সম্মুখীন কৃষকেরা।