অস্বাভাবিক জোয়ারে পানিবন্দী মানুষ
অস্বাভাবিক জোয়ারের পানিতে গত দুই দিনে দেশের উপকূলীয় অঞ্চলের বহু এলাকা তলিয়ে গেছে। জমিতে পানি ঢুকে ফসলের ক্ষতি হয়েছে। কোথাও গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসায় পূর্ণিমার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়েছে। তবে দু-এক দিনের মধ্যে পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মত দিয়েছেন তাঁরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:টেকনাফ (কক্সবাজার): উপজেলায় নাফ নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে দুটি স্কুলের বই, খাতা, পেনসিল, চক, ডাস্টার ভেসে গেছে। বন্ধ রয়েছে লেখাপড়া। গত দুই দিনে পূর্ণিমার জোয়ারে নাফ নদীর পানি বেড়ে গিয়ে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।টেকনাফ জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিয়ারা বেগম ও মধ্যম জালিয়াপাড়া ব্র্যাক স্কুলের শিক্ষক কহিনূর আকতার বলেন, শনিবার সরকারি ছুটি ছিল। তাই স্কুলে আসা হয়নি। গতকাল রোববার সকালে স্কুলে এসে দেখা গেছে, বই-খাতা, পেনসিল, চক-ডাস্টার জোয়ারের পানিতে ভাসছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেকনাফ পৌর এলাকার সাইডপাড়া, চৌধুরীপাড়া, উত্তর জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া; টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া এবং সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, বাজারপাড়া ও পানছড়িপাড়া এলাকায় বেড়িবাঁধের তিনটির বেশি ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে ওই সব এলাকার ১১টি গ্রাম প্লাবিত হচ্ছে।টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ জানান, ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না হওয়ায় পৌর এলাকাসহ দুটি ইউনিয়নের আট শতাধিক পরিবারের প্রায় ৩০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী আবু তালহা বলেন, জরুরি ভিত্তিতে এই ভাঙা অংশ মেরামত করার জন্য কয়েক দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হতে পারে।কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম বলেন, চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসায় পূর্ণিমার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়েছে। আগামী দু-এক দিনের মধ্যে জোয়ারের পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানান তিনি।শরীয়তপুর: গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি পয়েন্টে মেঘনা নদীতে গত শনিবার বিকেলে ও গতকাল ভোররাতে হঠাৎ জোয়ারের পানি বেড়ে যায়। অস্বাভাবিক জোয়ারে নদীর পানি তীর উপচে ফসলি জমিতে প্রবেশ করে। জমিগুলো এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে যায়। এতে দক্ষিণ কোদালপুর, মাঝের চর, বিষকাটালি ও চরজানপুর এলাকায় প্রায় ৩০০ একর জমির ফসলের ক্ষতি হয়েছে। জমিগুলোতে সয়াবিন, কালোজিরা, তিল, মরিচ ও মেস্তা পাট ছিল।বরগুনা: জেলা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী বলেন, গতকাল দুপুরের জোয়ারে জেলার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে এক ফুট আট ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে সেটা বিপৎসীমার স্তর অতিক্রম করবে। তিনি আরও বলেন, বাতাসের যে গতি তাতে আরও পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।জানা গেছে, জেলার পাথরঘাটার পদ্মা, রুহিতা, লালদিয়া ও লাঠিমারাচর, বরগুনা সদরের মাঝেরচর, ছোনবুনিয়া, বুড়িরচর, ছোট তালতলী, ফালিসাতলী, আশারচর ও নলবুনিয়ারচর এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। ভোলা: জেলায় কমপক্ষে ২০ হাজার হেক্টর জমি প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার হেক্টরের রবিশস্য ভেসে গেছে। এ ছাড়া চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নে বাঁধ ভেঙে চারটি প্রামের চার হাজার পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুমুরিয়া (খুলনা): গতকাল দুপুর একটায় উপজেলার বালইঝাকি স্লুুইস গেটের কাছে বেড়িবাঁধ ভেঙে চারটি গ্রামে পানি ঢুকে পড়ে। ইতিমধ্যে বালইঝাকি গ্রামের বেশ কয়েকটি পরিবার গবাদিপশুসহ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। পাউবো ডুমুরিয়ার উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, ‘ভাঙনের কথা এই আপনার কাছে শুনলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’