অস্বাভাবিক জোয়ারে প্লাবিত মংলা শহর
পূর্ণিমা তিথির প্রভাবে পশুর ও মংলা নদীর জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে বাগেরহাটের মংলা শহর। গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে ডুবছে শহরের রাস্তাঘাটসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। পৌর শহরের রাস্তাঘাট দফায় দফায় উঁচু করা সত্ত্বেও এবং শহর রক্ষা বাঁধ দেওয়া হলেও জোয়ারের প্লাবন থেকে রক্ষা পাচ্ছে না শহরবাসী।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিন ধরে শহরের রাস্তাঘাটের ওপর দিয়ে জোয়ারের স্রোত বইছে। পশুর ও মংলা নদীসংযুক্ত ছোট ছোট খাল দিয়ে জোয়ারের পানি জলোচ্ছ্বাসের মতো শহরে ঢুকে পড়ে। শহর রক্ষা বাঁধ নির্মিত হলেও এসব খালের মুখে কোনো গেট নির্মাণ না করায় দিন-রাতে প্রতিদিন দুবার জোয়ারের সময় এ অবস্থা চলছে মংলা পৌর শহরে। প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এবং রাত ১০টা থেকে একটা পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোর ওপর দিয়ে স্রোত বইতে থাকে।মংলাবাজার মসজিদের ইমাম তৈয়বুর রহমান বলেন, শহরের আবদুল হাই সড়ক, সিঙ্গাপুর মার্কেট, নিউ মেইন রোড়, বাজার মসজিদ রোড, বিএলএস রোড, মাদ্রাসা রোড়, তাজমহল রোড, কবরস্থান রোড ও খেয়াঘাট এলাকায় প্রায় দেড় থেকে দুই ফুট পানি ওঠে। শহরের কোথায়ও কোথায়ও আরও বেশি জোয়ারের পানি ওঠে। এ সময় নালার ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে একাকার হয়ে রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে।মংলা বন্দর পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, অমাবস্যা ও পূর্ণিমায় নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই-তিন ফুট পানি বেশি হচ্ছে। পৌর কর্তৃপক্ষ প্রতিবছরই শহরের রাস্তাঘাট দফায় দফায় উঁচু করে চলছে। শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। এখন নদীসংযুক্ত প্রধান দুটি খালে গেট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।