অস্বাভাবিক জোয়ারে বাঁধে ভাঙন, ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের স্লুইস বাজার এলাকার  বেড়িবাঁধ  ভেঙে যাচ্ছে। ভেসে যাচ্ছে বাঁধের ওপর নির্মাণ করা পাকা সংযোগ সড়কটি। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের স্লুইস বাজার এলাকার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। ভেসে যাচ্ছে বাঁধের ওপর নির্মাণ করা পাকা সংযোগ সড়কটি। গতকাল তোলা ছবি l প্রথম আলো

অস্বাভাবিক জোয়ারের কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের স্লুইস বাজার এলাকার বেড়িবাঁধটি ভেঙে যাচ্ছে। ভেসে যাচ্ছে বাঁধের ওপর নির্মাণ করা পাকা সংযোগ সড়কটি। এতে অন্তত ১০টি গ্রাম প্লাবিত ও তিনটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় রয়েছে।
এলাকাবাসী জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে স্লুইস বাজার এলাকার বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। তবে আজ পর্যন্ত মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি অমাবস্যার প্রভাবে জোয়ারের কারণে স্থানীয় চাঁদপুরা নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। এতে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধটিতে আবার ভাঙন ধরেছে। গত মঙ্গলবার থেকে এই ভাঙন চলছে। এভাবে চলতে থাকলে বাঁধটি শিগগিরই বিলীন হয়ে যাবে। তখন আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা, চাঁদপুরা, মধুপুরা, মৌবাড়িয়া ও রুহিতপুরিয়া এবং পাশের গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ও কল্যাণকলস ইউনিয়নের আরও অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হবে। পাশাপাশি বাঁধের উত্তর দিকে থাকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লোকজন স্লুইস বাজারে ইউনিয়ন কার্যালয়ে আসতে সমস্যায় পড়বেন।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাঁধটি চওড়ায় প্রায় ১৫ ফুট। কিন্তু ভাঙনের কারণে কোথাও কোথাও এখন মাত্র ৩-৪ ফুটের মতো অবশিষ্ট আছে। বাঁধের ওপরে থাকা সংযোগ সড়কের পিচ ঢালাই ও খোয়া খুলে পানিতে পড়েছে। এ অবস্থায় ওই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান প্রথম আলোকে বলেন, বাঁধ ভেঙে গেলে ওই এলাকার কমপক্ষে ৩০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষকেরা।
এই ওয়ার্ডের চাঁদপুরা গ্রামের কৃষক হাসেম আকন বলেন, এখন তাঁরা আমনের আবাদ শুরু করেছেন। বাঁধ ভেঙে গেলে রোপণ করা চারা সম্পূর্ণভাবে ভেসে যাবে। পানি সরে গেলে আবার চারা রোপণ করতে হবে। একই গ্রামের ছলেমান ফকির বলেন, সংযোগ সড়কটি ভেঙে গেলে তাঁদের গ্রামের লোকজনের স্লুইস বাজারে যাওয়ার উপায় থাকবে না।
আলীপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাদশা ফয়সাল বলেন, দ্রুত বাঁধটি মেরামত করা না হলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং কৃষিতে এর প্রভাব পড়বে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অবহিত করা হয়েছে।
পাউবো পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধটি পরিদর্শন করেছেন তাঁরা। তবে বর্ষার কারণে এখন মেরামত করা সম্ভব নয়। ভেঙে যাওয়া বাঁধের পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী শুকনো মৌসুমে সেই কাজ শুরু হবে।