অস্বাভাবিক জোয়ারে ভেসে গেল তরমুজ
শখের ফসল তরমুজ। শুধু শখই নয়, একটু বেশি শ্রম ও পুঁজি খাটাতে হলেও কম সময়ে অধিক লাভ করা যায় তরমুজ চাষ করে। আর এ কারণেই পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চলতি মৌসুমে তরমুজের চাষ হয়েছে ব্যাপক হারে। তরমুজ চাষ করে গলাচিপার কৃষকেরা অধিক লাভের যে আশা করেছিলেন, সে আশা পূরণ হচ্ছে না প্রকৃতির বিরূপ আচরণের কারণে। গতকাল শনিবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের প্রভাবে গলাচিপাসহ উপকূলীয় এলাকার নদ-নদীগুলোর পানি বেড়ে যায় সাড়ে তিন থেকে চার ফুট। আর এতে গলাচিপা উপজেলার বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকার তরমুজখেত প্লাবিত হয়। ভেসে যায় প্রায় ৪০০ একর জমির তরমুজ। স্থানীয় কৃষি বিভাগ জানায়, পূর্ণিমার প্রভাব এবং দমকা বাতাসের কারণে জোয়ারের পানির চাপ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গলাচিপায় প্রায় ১৬ হাজার ৫৫ একর জমিতে তরমুজের চাষ হয়েছে। আর তরমুজের ফলন অন্যান্য বছরের তুলনায় এবার খুবই ভালো। কৃষকেরা জানান, এ রকম অস্বাভাবিক জোয়ার এ বছরই নতুন নয়, গত বছরও জোয়ারে গলাচিপার বিভিন্ন এলাকার প্রায় কোটি টাকার তরমুজ ভেসে গিয়েছিল। তবে সেটা ছিল এপ্রিলের প্রথম দিকে।পশ্চিম পক্ষিয়া গ্রামের চাষি খলিলুর রহমান (৪৫) জানান, তিনি গত বছর এক একর জমিতে তরমুজের চাষ করেছিলেন। ওই বছরের ১ এপ্রিল অমাবস্যার প্রভাবে নদীর পানি বেড়ে যায় অস্বাভাবিকভাবে। আর এতে তাঁর সব তরমুজ ভেসে যায়। তিনি বলেন, ‘গতবার সব তরমুজখেত আগাম জোয়ারে ভাইস্যা গ্যাছে। হেইল্লাইগ্যা এই বছর ১৫ দিন আগে চাষ শুরু করছিলাম। কিন্তু কাম অইল কী? এইবার জোয়ারও ১৫ দিন আগাইয়া আইলো।’ একই গ্রামের হালিম তালুকদার (৪৪) জানান, তিনি এক একর ২০ শতাংশ জমিতে তরমুজের চাষ করেন। এতে তাঁর ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এক সপ্তাহ পরই তিনি তরমুজগুলো বিক্রির জন্য বাজারে পাঠাতে পারতেন। তাঁর দাবি, তরমুজ বিক্রি করে তিনি কমপক্ষে এক লাখ টাকা লাভ করতে পারতেন। কিন্তু শনিবারের জোয়ারে তাঁর সব তরমুজ ভেসে গেছে। তিনি বলেন, ‘গতবার হুনছি—জলবায়ুর জোয়ার (জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক জোয়ার) হেইল্লাইগ্যা আগে আইছে। ওই কারণে আমি এইবার দুই সপ্তা (সপ্তাহ) আগে তরমুজের চাষ শুরু করছিলাম। হ্যাতেও রক্ষা পাইলাম না।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, গলাচিপার বোয়ালিয়া, পক্ষিয়া, দক্ষিণ-পশ্চিম পক্ষিয়া, পশ্চিম পক্ষিয়া, পশ্চিম চরখালী ও উত্তর চরখালী গ্রামের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরে কৃষকদের সব তরমুজখেত শনিবার দুপুরের জোয়ারে ভেসে গেছে। কৃষকেরা জানান, এসব এলাকায় প্রায় ৪০০ একর জমির তরমুজখেত জোয়ারের পানিতে প্লাবিত হয়। তাঁদের দাবি, এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‘গত বছরের অস্বাভাবিক জোয়ারে তরমুজখেতের ক্ষতি হওয়ার পর চলতি মৌসুমে আমরা কৃষকদের অপেক্ষাকৃত উঁচু জায়গায় এবং বেড়িবাঁধের ভেতরে তরমুজ চাষের জন্য পরামর্শ দিয়েছি। তার পরও কেউ কেউ বেড়িবাঁধের বাইরে তরমুজ চাষ করেছেন। গত বছরের অভিজ্ঞতার পর প্রায় সবাই আগাম চাষ শুরু করেন। কিন্তু এবার জোয়ারটাও আগাম এসে গেছে। প্রকৃতি এখন আর বাঁধাধরা নিয়মে চলছে না। জলবায়ুর পরিবর্তনের ফলে সব কিছু এলোমেলো হয়ে গেছে।’ তিনি জানান, ওসব এলাকা ছাড়াও রাঙ্গাবালি, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া এবং ছোটবাইশদিয়া ইউনিয়নের বিশাল এলাকার তরমুজখেত জোয়ারে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।