মন্ত্রণালয়ের পরামর্শে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) বিদ্যুতের দাম অস্বাভাবিক বাড়ানোর প্রস্তাব করেছে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান গতকাল বুধবার মূল্যবৃদ্ধির শুনানিতে এ তথ্য জানান।
এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে গতকাল সকালে অনুষ্ঠিত শুনানিতে ডিপিডিসির সাড়ে ২৩ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র সমালোচনা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক স্বীকার করেন, ডিপিডিসির প্রস্তাবিত দাম অনেক বেশি। তবে তা তাঁরা করেছেন মন্ত্রণালয়ের পরামর্শে। মন্ত্রণালয় থেকে তাঁরা পরামর্শ পেয়েছেন, আগামী দুই-তিন বছর যাতে আর বাড়ানোর প্রয়োজন না হয় তেমন প্রস্তাব দিতে।
বিইআরসি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, দাম বাড়ানোর প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কথা বিইআরসি আইন, ২০০৩ অনুযায়ী। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো পরামর্শ বা হস্তক্ষেপ থাকা উচিত নয়। স্বতন্ত্র কমিশন হিসেবে বিইআরসির কাছে সংস্থাগুলোর নিজস্ব উদ্যোগে প্রস্তাব করার কথা। তাদের আয়-ব্যয়ের হিসাবের ভিত্তিতে দাম নির্ধারণ করবে বিইআরসি। এর ব্যত্যয় হলে বিইআরসির স্বতন্ত্র সত্তা থাকে না। আর তেমন বিইআরসির দরকারও থাকে না।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বাস্তবে এবার দাম বাড়ানোর সব প্রক্রিয়াই শুরু হয়েছে সরকারি নীতি-নির্ধারকদের উদ্যোগে। তাঁরা কোম্পানিগুলোকে প্রস্তাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবগুলো কোম্পানি একই দিনে, গত ১৩ ফেব্রুয়ারি প্রস্তাবগুলো বিইআরসির কাছে পাঠানো এই তথ্যকে সমর্থন করে।
এখন সরকারি পর্যায় থেকেই শোনা যাচ্ছে, কোম্পানিগুলোর প্রস্তাব কিংবা শুনানিতে যা-ই হোক না কেন, আগামী সপ্তাহে উল্লিখিত নীতি-নির্ধারকদের সঙ্গে বিইআরসির অনানুষ্ঠানিক বৈঠক হবে। বিদ্যুতের দাম কোন পর্যায়ে কতটা বাড়বে তা সেখানেই নির্ধারিত হবে।
সূত্রগুলো জানায়, সরকারের গত মেয়াদে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম পাঁচবার বাড়ানোয় সমালোচনা হয়েছে বেশি। তাই এবার নীতি-নির্ধারকেরা একবারে বেশি করে দাম বাড়াতে চান। সে জন্যই নিম্ন আয় ও মধ্যবিত্ত গ্রাহকদের ধাপে (স্লাব) দাম বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কারণ এসব গ্রাহকের ধাপে ভর্তুকির বেশির ভাগ ব্যয় হয়। গ্রাহক সংখ্যাও এসব ধাপেই অনেক বেশি। কাজেই এঁদের ধাপগুলোতে দাম বাড়ালে ভর্তুকির চাপ কমানো সম্ভব হবে।
ডিপিডিসি সর্বনিম্ন ধাপের আবাসিক গ্রাহকের জন্য প্রতি ইউনিটে দাম বাড়ানোর প্রস্তাব করেছে ৭৮ পয়সা। এর ওপরের ধাপের গ্রাহকদের জন্য যথাক্রমে প্রতি ইউনিটে এক টাকা ১১ পয়সা, এক টাকা ছয় পয়সা এবং সর্বোচ্চ ৪০০ ইউনিট ব্যবহারকারী গ্রাহকের জন্য প্রতি ইউনিটে এক টাকা ১৬ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে।
৪০১ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারী গ্রাহকের জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছে প্রতি ইউনিটে এক টাকা ৮৮ পয়সা। ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের প্রতি ইউনিটে দুই টাকা ২০ পয়সা এবং কৃষির সেচপাম্পের জন্য প্রতি ইউনিটে ৬০ পয়সা বাড়ানোর প্রস্তাব ডিপিডিসির।
বিইআরসির সূত্র জানায়, সাড়ে ২৩ শতাংশ দাম বাড়ানোর অস্বাভাবিক প্রস্তাবটি তৈরি করতে ডিপিডিসি অনেক মূলধনী ব্যয় দেখিয়েছে রাজস্ব ব্যয় হিসেবে। তিন বছর ধরে বিতরণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণে তারা প্রতিবছর যেখানে গড়ে ব্যয় করেছে ২০ কোটি টাকার কম, সেখানে চলতি অর্থবছরে এই খাতে ব্যয় ধরেছে ৩৮৮ কোটি টাকা।
এ রকম অনেক কারণে ডিপিডিসির প্রস্তাবটি হয়েছে গোজামিলে ভরা, অত্যন্ত ত্রুটিপূর্ণ। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ছয় দশমিক শূন্য তিন শতাংশ বাড়ানো যৌক্তিক বলে মত দিয়েছে।
গতকাল বিকেলে শুনানি হয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) প্রস্তাবের ওপর। ডেসকো ১৫ দশমিক ৯০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে। শুনানিতে অংশ নিয়ে এর পক্ষে তারা যুক্তিও দেখিয়েছে। কিন্তু বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ডেসকোর গ্রাহক পর্যায়ে গড়ে দুই দশমিক শূন্য এক শতাংশ দাম বাড়ানো যৌক্তিক বলে মত দিয়েছে।
ডেসকো সর্বনিম্ন ধাপের আবাসিক গ্রাহকের জন্য প্রতি ইউনিটে দাম বাড়ানোর প্রস্তাব করেছে ৬৭ পয়সা। এর ওপরের ধাপের গ্রাহকদের জন্য যথাক্রমে প্রতি ইউনিটে ৯৭ পয়সা, এক টাকা ১৭ পয়সা এবং সর্বোচ্চ ৪০০ ইউনিট ব্যবহারকারী গ্রাহকের জন্য প্রতি ইউনিটে এক টাকা ৫৭ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়।
৪০১ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারী গ্রাহকের জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছে প্রতি ইউনিটে ৫২ পয়সা। ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটে ৬২ পয়সা এবং কৃষির সেচপাম্পের জন্য প্রতি ইউনিটে ৪৯ পয়সা বাড়ানোর প্রস্তাব ডেসকোর।
আগের দিনের মতো গতকালও সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য, ক্যাব, গণসংহতি আন্দোলন প্রভৃতি রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের নেতারা শুনানিতে অংশ নিয়ে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন। তাঁরা বিশেষভাবে সমালোচনা করেন অপেক্ষাকৃত দরিদ্র ও মধ্যবিত্ত গ্রাহকদের ওপর দাম বেশি চাপানোর প্রস্তাবের।
গণ-অবস্থান: কারওয়ান বাজারের টিসিবি ভবনে বিইআরসি কার্যালয়ের সভাকক্ষে যখন শুনানি চলছিল তখন ওই ভবনের সামনে মূল্য বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ করার দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করে সিপিবি ও বাসদ। সেখানে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার বলেছিল এ বছর থেকে বিদ্যুতের দাম কমবে। কিন্তু তার পরিবর্তে দাম আরও বাড়ানোর চক্রান্ত চলছে। আন্দোলনের মাধ্যমে এই চক্রান্ত রুখে দেওয়া হবে।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে রুহিন হোসেন, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির, রাজেকুজ্জামান, কাফি রতন, লক্ষ্মী চক্রবর্তী, শম্পা বসু প্রমুখ বক্তব্য দেন।
আজ বৃহস্পতিবার সকালে শুনানি অনুষ্ঠিত হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দাম বাড়ানোর প্রস্তাবের ওপর।