অস্বাভাবিক বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায়জলাবদ্ধতা
গোপীবাগ মোড় থেকে মতিঝিলের শাপলা চত্বর ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত সড়ক ডুবে আছে পানিতে। কোথাও গোড়ালি পর্যন্ত, কোথাওবা হাঁটুর ওপরে পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকের চিত্র এটি। শান্তিনগর ও বেইলি রোডের মোড়ে বেলা ১১টার দিকে প্রায় কোমরসমান পানি জমে যায়। গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতে রাজধানীর প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। জলমগ্ন রাস্তায় বিদ্যুতের তার পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে পুরান ঢাকার মালিটোলা লেনে মারা গেছেন দুজন। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন বাইরে বের হওয়া মানুষ। পুরান ঢাকার কয়েকটি এলাকায় বাড়িঘরেও পানি ঢুকে পড়ে।
মতিঝিলসহ বেশির ভাগ এলাকার পানিই ঘণ্টা দুয়েকের মধ্যে নেমে যায়। তবে শান্তিনগর মোড়, আরামবাগ পেট্রল পাম্প এলাকা, রামকৃষ্ণ মিশন রোড, কে এম দাস লেনসহ আশপাশের কয়েকটি এলাকায় বিকেলেও পানি জমে ছিল। গতকাল বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকলেও নগরের জলাবদ্ধতা মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মীদের ছুটি বাতিল করা হয়।
স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টায় জমে থাকা পানি দ্রুত সরানো সম্ভব হয়েছে। সামনে জলাবদ্ধতা কমিয়ে আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকালের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংশ্লিষ্ট সংস্থাগুলোর ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন এবং সার্বক্ষণিক তদারকি করেছেন।
জলাবদ্ধতা আর দুর্ভোগ: ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে গতকাল বাস, অটোরিকশা, প্রাইভেট কারসহ তিন শতাধিক মোটরযান রাস্তায় বিকল হয়ে যায়।
সকালেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যে মিরপুরের গোলচত্বর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, রোকেয়া সরণি, শেরেবাংলা নগর, শ্যামলী, মনিপুরীপাড়া ও বিজয় সরণি, তেজগাঁও সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, মতিঝিল, মৌচাক, রামপুরা, মালিবাগ, বাসাবো, গোড়ান, মুগদাপাড়া, মান্ডা, মানিকনগর, আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, পুরানা পল্টন, কাকরাইল, মৎস্য ভবন, বাংলামোটর এলাকা এবং গোপীবাগ, কে এম দাস লেন, জুরাইন, যাত্রাবাড়ী, দোলাইরপাড়, বংশাল, বকশীবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় জলজট একপর্যায়ে জলাবদ্ধতায় রূপ নেয়।
সকালের বৃষ্টিতেই কে এম দাস লেন ও আশপাশের এলাকায় সড়ক তলিয়ে যায়। জলাবদ্ধতার অবস্থা জানিয়ে স্থানীয় বাসিন্দা মুলকেতুর রহমান বলেন, এ এলাকায় দিন দিন জনবসতি বাড়ছে, অথচ ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয় উন্নতি হয়নি। ফলে বৃষ্টি হলেই পানি জমে যায়। গতকাল অনেক বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ে। একটি প্রাইভেট কারের চালক মো. লিটন জানান, বিশেষ প্রয়োজনে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে চরম বিপদে পড়েন। মতিঝিল থেকে ডুবে থাকা সড়ক দিয়ে গাড়ি নিয়ে কাকরাইল পর্যন্ত যেতে গাড়িতে পানি ঢুকে পড়ে। বারবার গাড়ি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।
মিরপুর ১০ নম্বর এলাকার গৃহিণী সবিতা কুণ্ডু তাঁর দুর্গতি তুলে ধরে বলেন, তাঁর ছেলের স্কুল বন্ধ থাকলেও সকালে ছেলেকে কোচিংয়ে নিয়ে যান মিরপুর ১৪ নম্বরে। যাওয়ার সময় ১৫ টাকার ভাড়া ঠিক করেন ৪০ টাকায়। কিন্তু বনফুল স্কুলের সামনে তিনি জলমগ্ন ভাঙা রাস্তায় রিকশা থেকে পড়ে যান। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, এলাকার ভাঙা রাস্তাগুলো বছরের পর বছর একই অবস্থায় রয়েছে। জলাবদ্ধতায় সেগুলো বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
তবে জলাবদ্ধতা হলেও সরকারি ছুটি থাকায় যানজটের দুর্ভোগে পড়তে হয়নি বাইরে বের হওয়া মানুষকে। যাঁরা বেরিয়েছেন তাঁদের এবং নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিকশা, অটোরিকশাচালকদের মতো শ্রমজীবীদের জীবনের তাগিদে রাস্তায় নেমে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়।
ওয়াসার পানিনিষ্কাশন পাম্প: জলাবদ্ধতা সৃষ্টি হলে ওয়াসা ও সিটি করপোরেশনের কর্মীরা রাস্তায় নেমে পড়েন। তাঁদের প্রধান কাজ ছিল ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে পানি নামার ব্যবস্থা করা।
ওয়াসার প্রধান প্রকৌশলী মো. শাহজাহান জানান, জনপথ এবং রামপুরায় পানির পাম্পগুলো সচল ছিল। এ ছাড়া সামনে নগরের আটটি স্থানে পানিনিষ্কাশন পাম্প বসানো হবে।