রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অস্বাভাবিক ফি নেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ অভিভাবকেরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের শেওড়াপাড়া শাখার সামনের সড়ক অবরোধ করেন।অভিভাবকেরা অভিযোগ করেন, এ বছর বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০ হাজার ২০০ টাকা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ২০ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে। গত বছর শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি হিসেবে ১০ হাজার করে টাকা নেওয়া হয়েছিল।অবস্থান কর্মসূচি পালনের সময় অভিভাবকেরা ভর্তি ফি পাঁচ হাজার টাকা করার দাবি জানান।উল্লেখ্য, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এমপিওভুক্ত বিদ্যালয়গুলো উন্নয়ন ফিসহ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নিতে পারবে। কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে এর বেশি ফি নেওয়া যাবে না।