অস্বাভাবিক মৃত্যু দুজনের
পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও আরেকজন নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। এ ছাড়া পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টিকাটুলী এলাকায় আনন্দ পরিবহনের বেপরোয়া গতির একটি মিনিবাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জামাল হোসেন পাটোয়ারী (৩৫) পড়ে গিয়ে ওই মিনিবাসের চাকায় পিষ্ট হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন জামালের খালাতো ভাই মোয়াজ্জেম হোসেন। জামালকে বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁওয়ে নির্মাণাধীন একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় রড ওঠানোর সময় পা ফসকে পড়ে যান নির্মাণশ্রমিক সবুজ মিয়া (৩০)। সকাল সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উত্তরখানের কাঠকুড়ি ব্যাপারীপাড়ার পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।