অস্বাভাবিক মৃত্যু দুজনের
রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গৃহবধূ সেলিনা খাতুন (৫০) সড়ক দুর্ঘটনায় এবং ছাত্রী জিনা আক্তার (১৭) বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ হারায়।
পুলিশ ও পারিবারিক সূত্র বলেছে, সেলিনা সপরিবার মাতুয়াইলে থাকতেন। গতকাল সন্ধ্যায় মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির চাপায় তিনি আহত হন। খবর পেয়ে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর স্বামীর নাম মো. জাহাঙ্গীর হোসেন। গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে।
সেলিনার জামাতা আক্তার হোসেন বলেন, রাস্তা থেকে তাঁর শাশুড়িকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী ধরনের গাড়ি তাঁর শাশুড়িকে চাপা দিয়েছে, তা তাঁরা জানেন না।
বেলা আড়াইটার দিকে ওয়ারীর লারমিনি স্ট্রিটের একটি বাড়ির দশম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে জিনা আক্তার নামের এক ছাত্রী মারা গেছে।
ওয়ারী থানার ওসি মো. জেহাদ হোসেন বলেন, জিনা যে ভবন থেকে লাফিয়ে পড়েছে, সে তার মা-বাবার সঙ্গে ওই ভবনে থাকত। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।