অস্বাভাবিক মৃত্যু ৯ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৫ জেলায় চার শিশুসহ ৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার সন্ধ্যার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।

বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি, সংবাদদাতা ও স্থানীয় কার্যালয় থেকে পাঠানো খবর-

পিরোজপুর: নাজিরপুর উপজেলার তারাবুনিয়া বাজারে আজ দুপুরে করাতে কাটা পড়ে সুখরঞ্জন মজুমদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সুখরঞ্জন উপজেলার উত্তর বানিয়ারি গ্রামের বাসিন্দা ছিলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে সুখরঞ্জন মজুমদার রেইনট্রিগাছ কাটতে তারাবুনিয়া বাজারের একটি করাতকলে যান। গাছটি কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে করাতের ওপর পড়ে যান তিনি। এতে তাঁর শরীরের কিছু অংশ কেটে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান বলেন, সুখরঞ্জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার তত্তিপুর শ্মশানঘাট এলাকা থেকে আজ বিকেলে মো. টকিন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। পেশায় রংমিস্ত্রি ছিলেন টকিন।
পুলিশ বলছে, গত শুক্রবার রাত নয়টার পর বাড়ি থেকে বের হন টকিন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে একই উপজেলার লাগাতপাড়া এলাকা থেকে আজ সকালে সুমি খাতুন (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মিলন আলীর স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, শ্বশুরবাড়িতে নিজের শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমি খাতুনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ফরিদপুর: আলফাডাঙ্গায় দুই পৃথক ঘটনায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা দুটি ঘটে। বিকেল সাড়ে পাঁচটার দিকে বানা ইউনিয়নের আড়পাড়া-মাইজপাড়া গ্রামের কৃষক বিষু মিয়ার আড়াই বছর বয়সী ছেলে বরকতউল্লাহ বাড়ির সামনে রাস্তার খাদে জমে থাকা পানিতে পড়ে মারা যায়। অন্যদিকে গতকাল সন্ধ্যায় পাচুড়িয়া ইউনিয়নের নাটুরিয়া গ্রামে কৃষক ইমামুল হকের ছেলে রমজান (২) বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায়।

এদিকে একই জেলার চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. রুবেল (২৭) নামের এক তরুণ। আজ বিকেলে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল চরভদ্রাসন সদর ইউনিয়নের মো. দিরাজউদ্দিনের ছেলে।

রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় রুবেল এক বন্ধুর বাড়িতে স্টিলের আলমারি রং করছিলেন। হঠাৎ করেই রং করার মটরচালিত মেশিন থেকে বিদ্যুতায়িত হয়ে তিনি মারাত্মক আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ: আজ দুপুরে শহরতলির ধুলিয়াখাল গ্রামে পুকুরে ডুবে ইমরুল হাসান (৭) ও নাবিলা আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ইমরুল হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে প্রথম শ্রেণিতে পড়ত। নাবিলা একই গ্রামের মাসুম মিয়ার মেয়ে। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
পুলিশ ও শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, দুজনে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজ করতে শুরু করে। এ সময় পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

যশোর: মনিরামপুর উপজেলায় হরিহর নদে ডুবে সুধা রানী কুন্ডু (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন। আজ সকালে এ ঘটনা ঘটে।
উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা গ্রামের সুজিত কুন্ডু বলেন, আজ সকালে সুধা হরিহর নদে গোসল করতে যান। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পানিতে তাঁর সন্ধান পাওয়া যায়। দুপুরে হরিহর নদ থেকে তাঁর লাশ তোলা হয়।