অস্বাভাবিক মৃত্যুর মামলা নিষ্পত্তি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলার নিষ্পত্তি নিয়ে জেলা পর্যায়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিচারিক হাকিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট—কেউই এর দায় নিতে চান না। ফলে, দীর্ঘদিন ধরে ওই মামলাগুলো ঝুলে আছে।পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপাররা বিষয়টি উত্থাপন করেছেন। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদে ঘরে ফেরা, চাঁদাবাজি, মাদকের ব্যবহার, পরোয়ানা তামিল, চামড়া সন্ত্রাস, চামড়া চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা অংশ নেন।সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, খুলনা অঞ্চলের একজন পুলিশ সুপার সভায় বলেছেন, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর থেকে খুলনা অঞ্চলে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলাও নিষ্পত্তি হয়নি। এ ধরনের মামলার প্রতিবেদন দেওয়ার পর বিচারিক হাকিমেরা বলেন, এটা তাঁদের কাজ নয়। বিচার নিষ্পত্তি করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেন, এটা তাঁদের কাজ নয়। এভাবে দুই পক্ষের টানাটানিতে অস্বাভাবিক মৃত্যুর মামলার বিচার থেমে আছে। পুলিশের আইজি বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে সভায় জানান।সভায় আরেকজন কর্মকর্তা বলেন, ঈদুল আজহা সামনে রেখে দেশে জাল নোটের বেচাকেনা বেড়ে গেছে। কয়েকটি স্থানে জাল নোট ধরাও পড়েছে। সভায় আইজি বলেন, জাল নোটের ব্যবহার প্রতিরোধে তা শনাক্ত করার যন্ত্র সরবরাহ করা হবে। কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির প্রসঙ্গে সভায় বলা হয়, পশু পরিবহনে যাতে চাঁদাবাজি না হয় এবং পশুবাহী ট্রাক নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চামড়া পাচার রোধে সব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পয়েন্টে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হবে। ঢাকা মহানগরসহ সব গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন থাকবে।সভায় সিদ্ধান্ত হয়, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি নিয়ন্ত্রণকক্ষ থাকবে। এ ছাড়া ডিআইজির (প্রশাসন ও অপারেশন) সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সদর দপ্তরে একটি ‘সমন্বয়কেন্দ্র’ স্থাপন করা হবে। এই কেন্দ্র সার্বক্ষণিকভাবে কাজ করবে।এসব বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, গতবারের মতো এবারও মানুষ যাতে সহজে ঈদে ঘরে ফিরতে পারে, তা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদবিরোধী প্রচারণাকে সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।