অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম
ফরিদপুরে খুচরা ও পাইকারি বাজারে চালের দাম বেড়ে গেছে। গত ১৫ দিনে কেজিপ্রতি চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, চালকলের মালিকদের কারসাজির কারণে বাড়ছে চালের দাম।গত বৃহস্পতিবার ফরিদপুর শহরের তিতুমীর বাজারে গিয়ে দেখা গেছে, মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। এর ১৫ দিন আগেও এ চাল বিক্রি হতো ৩৫ টাকা কেজি দরে। কাজল লতা চাল ১৫ দিনে কেজিপ্রতি ছয় টাকা বেড়ে বর্তমানে ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সময়ের মধ্যে বেড়েছে ইরি ২৮ চালের দাম। এ চাল ২৬ টাকা থেকে বেড়ে বর্তমানে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চিকন ও মাঝারি মানের চালের দাম বাড়লেও মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে।চাল বিক্রেতা নিরঞ্জন সাহা বলেন, মৌসুম শেষ হয়ে আসায় প্রতিবছরই এ সময়ে চালের দাম চড়া থাকে। কিন্তু কেজিপ্রতি পাঁচ-ছয় টাকা বাড়ার ঘটনা নজিরবিহীন। এর সঙ্গে চালকলের মালিকদের কারসাজি রয়েছে।অভিযোগ অস্বীকার করে নাটোর জেলার সোনালি রাইচ মিলের মালিক রতন মিয়া বলেন, চালকলের মালিকদের এত টাকা নেই যে তাঁরা সিন্ডিকেট করবেন। বর্তমানে ধানের তীব্র সংকট চলছে। বাজারে ধান পাওয়া যাচ্ছে না। ধানের দামও বস্তাপ্রতি (১০০ কেজি) বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। এ কারণে মিনিকেট ও কাজল লতা-জাতীয় চালের দাম বেড়েছে। আগামী চৈত্র মাসে নতুন ধান না ওঠা পর্যন্ত দাম বৃদ্ধি অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি। মোটা চালের দাম না বাড়ার কারণ সম্পর্কে রতন মিয়া বলেন, ‘মানুষের খাদ্যাভাস পাল্টে গেছে। আজকাল আর কেউ মোটা চাল খেতে চায় না।’ফরিদপুরের চাল ব্যবসায়ী জীবন সাহা বলেন, ধানের দাম বাড়ার কারণে চালের দাম বাড়ানো হয়েছে বলে চালকলের মালিকেরা অজুহাত দিচ্ছেন। ধানের দাম প্রতি ১০০ কেজিতে ১০০ টাকা বাড়লেও চালের দাম প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা বাড়ার কোনো যুক্তি থাকতে পারে না।