অস্বাভাবিকভাবে ঝরছে মুকুল
দিনাজপুরে আম ও লিচুর মুকুল অস্বাভাবিকভাবে ঝরে যাচ্ছে। বাগানমালিকেরা জানান, নানা ধরনের ওষুধ ছিটিয়েও আম ও লিচু রক্ষা করা যাচ্ছে না। তাঁদের ধারণা, দিনে প্রচণ্ড রোদ ও রাতে শীতল হাওয়ার কারণে এমনটা হচ্ছে।দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইখুল আরিফিন বাগানমালিকদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে জানান, আবহাওয়ার পরিবর্তন বা শীতের কারণে মুকুল ঝরে যায়নি। আবার সব এলাকার আম ও লিচুর মুকুল ঝরেনি। দিনের বেলা উচ্চ তাপমাত্রা, জমিতে পর্যাপ্ত সার বা গাছের খাদ্যের অভাব, শুষ্কতা ও সর্বোপরি পরাগায়ন সমস্যার কারণে কোথাও কোথাও মুকুল ঝরে যেতে পারে। কিন্তু সার্বিক বিচারে এবারও দিনাজপুরে আম-লিচুর ভালো ফলন হবে।সদর উপজেলার মাশিমপুর গ্রামের লিচুবাগানমালিক আবদুল ওয়াহেদ জানান, তাঁর দুটি লিচুবাগানের ৪০টি গাছে প্রচুর মুকুল এসেছিল। গুটিও বেঁধেছিল অনেক। কিন্তু ৮০ শতাংশ লিচু ঝরে পড়েছে। সব ধরনের ওষুধ ছিটিয়েও কাজ হয়নি। বিরল উপজেলার মাধবমাটি গ্রামের আবুল কালাম আজাদের বাগানে লিচুগাছ রয়েছে এক হাজারের বেশি। তিনি প্রথম আলোকে জানান, এবার আম-লিচু মুকুল অবস্থায় ব্যাপকভাবে ঝরে গেছে। এর পরও যেটুকু আছে, তাও রক্ষা করা দুঃসাধ্য হয়ে উঠেছে। কোনো কীটনাশক, ভিটামিন বা ছত্রাকনাশক কাজ করছে না বলে তিনি মন্তব্য করেন।হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিধান চন্দ্র হালদার প্রথম আলোকে জানান, আবহাওয়ার বিরূপ প্রভাব লক্ষ করা যাচ্ছে। অনেক বাগানের মুকুল ঝরে গেছে। তিনি আরও জানান, সাত মাস বৃষ্টি হয়নি। জমি শুষ্ক হয়ে পড়েছে। তা ছাড়া অনেক কৃষক বাগানে গাছের চাহিদা অনুযায়ী জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করেন না। এ কারণেও আম ও লিচুর মুকুল ঝরে যেতে পারে।