অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পরিশ্রম না করায় বাড়ছে ডায়াবেটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কায়িক পরিশ্রম না করায় বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা বলছেন। দেশে এখন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮৪ লাখ।
গতকাল শুক্রবার রাজধানীর বারডেম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ৮০ ভাগ ক্ষেত্রেই টাইপ-২ ডায়াবেটিসের প্রধান কারণ অতিরিক্ত ওজন ও স্থূলতা। এ থেকে রক্ষা পেতে তরুণ প্রজন্মকে ফাস্টফুড ও কোমল পানীয়র ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশে এখন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮৪ লাখ। অব্যাহত নগরায়ণ, পরিবর্তিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কায়িক পরিশ্রমের অভাবে সব শ্রেণির মানুষের মধ্যেই মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। স্থূলতা থেকে টাইপ-২ ডায়াবেটিস এবং ডায়াবেটিস থেকে কিডনি, চোখ, হৃৎপিণ্ড ও পা মারাত্মকভাবে আক্রান্ত হয়। মানুষ অন্ধ ও পঙ্গু হয়ে যেতে পারে। শুধু নিয়ম মেনে চললে এ ধরনের ডায়াবেটিস ৭০ ভাগ পর্যন্ত প্রতিরোধ সম্ভব।