অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে হোটেল ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে গতকাল রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সামনে অবস্থিত পাঁচটি খাবারের হোটেল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা একটি হোটেলে আগুন ধরিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে গিয়ে সব খাবার হোটেল ও দুটি চায়ের দোকান বন্ধের নির্দেশ দেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই হোটেলগুলো থেকে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি হোটেলের স্থানীয় মালিকেরা ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি নেশাজাতীয় দ্রব্য বিক্রি ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এই হোটেলগুলো বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্ররা এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় বিভিন্ন আবাসিক হলের ২০-২৫ জন ছাত্র ওই হোটেলগুলোতে গিয়ে হোটেল বন্ধ করতে বলেন। এ সময় হোটেলের মালিক ও কর্মচারীদের সঙ্গে ছাত্রদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্ররা হোটেলগুলোতে ভাঙচুর চালান। এ সময় তাঁরা একটি হোটেলে আগুন ধরিয়ে দেন। দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বাকী বিল্লাহ, রুহুল আমিন ও বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক হোসাইন মো. ফারুকী এবং রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে হোটেলমালিক ও ছাত্রদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা হোটেলগুলো বন্ধের নির্দেশ দেন।