চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষুব্ধ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ এবং চিকিৎসাসেবার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। অব্যবস্থাপনার জন্য হাসপাতাল প্রশাসনকে দায়ী করেন তিনি। গতকাল মঙ্গলবার আকস্মিকভাবে চমেক হাসপাতাল পরিদর্শনে যান মিজানুর রহমান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যাঁরা প্রশাসনে রয়েছেন, তাঁরা হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাঁদের এখানে থাকার কোনো নৈতিক অধিকার রয়েছে বলে আমি মনে করি না। হাসপাতালে যে ধরনের সেবার মান থাকা দরকার বলে আমরা মনে করি, তা এখানে নেই। এখানকার চিত্র খুবই হতাশাজনক।’মিজানুর রহমান বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবার মান ও ওষুধের বিষয়ে খবর নেন। এ সময় তিনি রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দ ওষুধ না পাওয়া, হাসপাতালের পর্যাপ্ত শয্যা ও বিছানার চাদর না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ বিষয়ে জানতে চান। মিজানুর রহমান বলেন, ‘এ হাসপাতালে রোগীর চাপ অত্যধিক। তবে বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ রয়েছে। নোংরা পরিবেশ আর বিভিন্ন ওয়ার্ডে একটি টয়লেটও ব্যবহারের উপযোগী নয়। সুস্থ মানুষ এখানে এলে অসুস্থ হয়ে যেতে পারে। ওখানে পানি থাকে না, এতে অসুস্থ রোগীর ইনফেকশন হতে পারে। জরুরি ভিত্তিতে এদিকে নজর দেওয়া উচিত।’ তিনি বলেন, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে চমেক হাসপাতালকেন্দ্রিক সুপারিশমালা তাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন।মানবাধিকার কমিশনের আইন প্রয়োগের ক্ষমতা নেই উল্লেখ করে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা সুপারিশ করতে পারি মাত্র। তবে আমরা এখন পর্যন্ত যে কয়টি হাসপাতাল পরিদর্শন করে সুপারিশ দিয়েছি, তার অনেকগুলোই স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করেছে।’ মিজানুর রহমান চমেক হাসপাতালের পরিস্থিতি দেখে বলেন, ‘চিকিৎসকেরা চিকিৎসা দেবেন। হাসপাতালে যে অবস্থা বিরাজ করছে, তার চিকিৎসার ব্যবস্থা করবে কে? প্রশাসনেরই এটি দায়িত্ব। হাসপাতালের সবকিছুই চিকিৎসকদের ওপর নির্ভরশীল নয়।’ হাসপাতাল পরিদর্শনের আগে সকালে নগরের জিইসি মোড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি আয়োজিত শিক্ষকদের এক কর্মশালার উদ্বোধন করেন মিজানুর রহমান।